ভারতে আওয়ামী লীগের কার্যালয় প্রসঙ্গে দিল্লির প্রতিক্রিয়া

ভারতে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ সেখানে দলীয় কার্যালয় খোলার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে অবস্থানরত আওয়ামী লীগের সদস্যদের কোনো বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বা ভারতীয় আইনের পরিপন্থি আচরণ সম্পর্কে সরকার অবগত নয়।

 

এর আগে বুধবার (২০ আগস্ট) ঢাকা আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়— প্রতিবেশী দেশে অবস্থান নিয়ে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামিরা বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

বিবৃতিতে অবিলম্বে আওয়ামী লীগের অফিসগুলো বন্ধ করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে, পারস্পরিক সহযোগিতা জোরদার করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ঢাকা।

 

ঢাকার বিবৃতির পরদিনই নয়াদিল্লি প্রতিক্রিয়া জানায়। বুধবারের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন— “ভারত সরকারের নীতি স্পষ্ট— দেশের মাটিতে থেকে অন্য কোনো রাষ্ট্রের স্বার্থবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতি অযাচিতভাবে দেওয়া হয়েছে।”

তিনি আরও যোগ করেন— “ভারত তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করছে যে, বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট প্রতিফলিত করতে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।”

 

সূত্র: হিন্দুস্থান টাইমস