সৌদি আরবের কাছে ৩৫০ কোটি মার্কিন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সৌদি সফরের আগে এই চুক্তির অনুমোদন দেওয়া হয়।
মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্যমতে, চুক্তির আওতায় সৌদি আরব পাবে এক হাজার ‘এআইএম-১২০’ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র আকাশে শত্রু লক্ষ্যবস্তু ভেঙে ফেলতে সক্ষম এবং তা আকাশযান থেকে নিক্ষেপ করা যায়।
চুক্তির বিষয়টি ইতোমধ্যে মার্কিন কংগ্রেসকে জানানো হয়েছে। দেশটির অস্ত্র বিক্রির নিয়ম অনুযায়ী, বড় ধরনের আন্তর্জাতিক অস্ত্র চুক্তি কংগ্রেসের অনুমোদন ছাড়া বাস্তবায়ন করা যায় না।
প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন শুরু থেকেই সৌদির সঙ্গে বড় অস্ত্রচুক্তিতে আগ্রহী। ট্রাম্প আগামী ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।
‘এসপিএ’ জানিয়েছে, সফরে সৌদি নেতাদের কাছে ১০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির প্রস্তাব দেবেন ট্রাম্প। তবে তার আগেই ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির খবর সামনে এল।
যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই সৌদি আরবকে অস্ত্র সরবরাহ করে আসছে। ২০১৭ সালে ট্রাম্প প্রথম মেয়াদে রিয়াদ সফরে ১১০ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তির প্রস্তাব দেন। তবে ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর সেই চুক্তি নিয়ে কংগ্রেসে ব্যাপক বিতর্ক শুরু হয়।
এই ঘটনার পর ২০২১ সালে বাইডেন প্রশাসন সৌদির কাছে মারণাস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, ইয়েমেন যুদ্ধ বন্ধে চাপ সৃষ্টি করতে। তবে ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের পর যুক্তরাষ্ট্র কিছুটা নমনীয় অবস্থানে যেতে বাধ্য হয়।
