গাজায় মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা মেক্সিকোর প্রেসিডেন্টের

গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও দীর্ঘস্থায়ী খাদ্য সংকটজনিত মানবিক বিপর্যয়ের তীব্র নিন্দা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম।

শুক্রবার সকালে মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গাজায় যা ঘটছে, তা অবশ্যই আমরা নিন্দা করি।” তিনি আরও জানান, মেক্সিকো শান্তি প্রতিষ্ঠায় তার সবধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, গাজায় শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনকভাবে বাড়ছে। চলমান যুদ্ধের মধ্যে গত মার্চে ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহে কঠোর বিধিনিষেধ আরোপ করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

প্রেসিডেন্ট শেইনবাউম ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে মেক্সিকোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, মেক্সিকো ২০১২ সালেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, গাজার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ টানা কয়েক দিন ধরে খাবার পাচ্ছেন না। সংস্থাটির মতে, প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ এখন ‘চরম খাদ্য সংকটে’ রয়েছে এবং তা আরও ভয়াবহ রূপ নিতে পারে।

গাজার এই মানবিক দুরবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছেন অনেক বিশ্ব নেতা, যার মধ্যে প্রেসিডেন্ট শেইনবাউমের বক্তব্য অন্যতম।