জি-লাইভ ডেস্ক
প্রকাশ: ২ই আগস্ট ২০২৬, ২:৩২ পিএম

নাটোরের সিংড়ায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে গোপন মিটিং ও নাশকতার পরিকল্পনার অভিযোগে মিজানুর রহমান ওরফে মিজান নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিংড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
শনিবার (১ আগস্ট) সকালে সিংড়া থানা-পুলিশের একটি বিশেষ অভিযান চলাকালে পৌর এলাকার উত্তর দমদমা স্লুইচগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান সিংড়ার উত্তর দমদমা গ্রামের বাসিন্দা মুকতাদুদুর রহমানের সন্তান।
পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধঘোষিত হওয়ার পর দলের নেতাকর্মীরা প্রকাশ্যে সশরীরে জড়ো হতে না পেরে ভার্চ্যুয়াল মাধ্যমকে বেছে নিয়েছে। মিজানুর রহমান অনলাইন মিটিং ও গোপন অ্যাপের সাহায্যে স্থানীয় নেতাকর্মীদের একত্র করছিলেন। অভিযোগ রয়েছে, তিনি এই অনলাইন প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে কর্মীদের সংগঠিত করছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর মতো কোনো বড় ধরনের নাশকতামূলক তৎপরতার নীল নকশা তৈরি করছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ খবর পায় যে মিজানুর রহমান উত্তর দমদমা এলাকায় অবস্থান নিয়ে গোপন যোগাযোগ অব্যাহত রেখেছেন। এরপরই পুলিশের আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সতত্যা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃত মিজানুরের বিরুদ্ধে নির্দিষ্ট নাশকতার মামলা রজু করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এলাকায় রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক সচেষ্ট রয়েছে।
পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেন যে মিজানুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় যুক্ত অন্যান্য সন্দেহভাজনদের সন্ধানে পুলিশের তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
মন্তব্য