এক দশকেরও বেশি সময় পর ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সিরিয়ান আরব রিপাবলিকের সদস্যপদ পুনর্বহাল করেছে।
সিরিয়ার সদস্যপদ পুনর্বহাল করল ওআইসি
ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ২০তম জরুরি অধিবেশনে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
এই সভা শুক্রবার ওআইসি সদরদপ্তর, জেদ্দায় অনুষ্ঠিত হয়।
ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা সিরিয়ার সদস্যপদ পুনরুদ্ধারকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন এবং এর জন্য শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “এটি সিরিয়ার জনগণকে তাদের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করবে এবং দেশটির রাজনৈতিক উত্তরণে শান্তিপূর্ণ ও নিরাপদ পথের নির্দেশিকা হবে।”
তাহা আরো জানান, সিরিয়ার সদস্যপদ ওআইসি’র লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে এবং যৌথ ইসলামি কর্মকাণ্ডের জন্য দেশটি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
২০১২ সালে সিরিয়ার সদস্যপদ স্থগিত হওয়ার পর প্রায় ১৩ বছর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তৎকালীন আসাদ সরকারের বাহিনী বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করা হয়েছিল।
সিরিয়ার বর্তমান ওআইসি সদস্যপদ পুনর্বহাল আন্তর্জাতিক সম্প্রদায়ের সিরিয়ার নতুন সরকারের প্রতি সমর্থনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া সিএফএম সভায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান ইসরাইলি আগ্রাসন নিয়ে আলোচনা হয়েছে এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলিদের সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
