খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৬ই জুন ২০২৬, ১১:৫৮ পিএম

সাভারের স্থানীয় রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। ঢাকা জেলা উত্তর এনসিপির যুবশক্তির সাবেক আহ্বায়ক সেঁজুতি হোসাইনের নেতৃত্বে দলটির প্রায় দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে সাভারের ব্যাংক কলোনী এলাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই রাজনৈতিক পরিবর্তনের ফলে সাভার ও আশুলিয়া অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে বেশ বড় ধরনের আলোড়ন তৈরি হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানের শুরুতে নবাগত নেত্রী সেঁজুতি হোসাইন সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। এরপর উপস্থিত অন্যান্য সিনিয়র নেতারা নতুন প্রজম্মের এই কর্মীদের ফুল দিয়ে দলে বরণ করে নেন।
যোগদানের পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সেঁজুতি হোসাইন বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা গভীরভাবে বিবেচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির আদর্শ, তাদের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মসূচি এবং দেশের মানুষের জন্য করা গণতান্ত্রিক রাজনীতির প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।” তিনি আরও বলেন, “জনগণের অধিকার আদায়ের যে আন্দোলন চলছে, তাকে মাঠপর্যায়ে আরও বেগবান করা এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা এই বড় দলটি একযোগে বিএনপির পতাকাতলে এসেছি। ভবিষ্যতে দল থেকে যে ধরনের নির্দেশনা আসবে, তা মেনে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার করছি।”
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু নতুনদের স্বাগত জানিয়ে বলেন, “বিএনপি দেশের মানুষের অন্যতম প্রধান আশ্রয়স্থল এবং একটি বৃহৎ রাজনৈতিক শক্তি। আমরা সবসময়ই প্রগতিশীল ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী মানুষকে আমাদের দলে স্বাগত জানাই। বিশেষ করে সাম্প্রতিক জুলাই আন্দোলনের বীর যোদ্ধাসহ যারা দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান, তাদের জন্য বিএনপির দরজা সবসময় খোলা রয়েছে।” তিনি আরও যোগ করেন যে, বিএনপি সবসময় নতুন, যোগ্য এবং মাঠে কাজ করা ত্যাগী নেতৃত্বকে মূল্যায়ন করে থাকে। দলের সাংগঠনিক কাঠামোকে দিন দিন আরও মজবুত করতে তিনি সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের একঝাঁক নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন এবং সাভার থানা ছাত্রদলের সভাপতি মাশফি আহমেদসহ মূল দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দলটির শীর্ষ নেতারা জানান, এই নতুন রক্তের অন্তর্ভুক্তি সাভারে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাভার-আশুলিয়া অঞ্চলের বর্তমান রাজনৈতিক সমীকরণে এই বড় যোগদানটি আগামী দিনগুলোতে গভীর প্রভাব ফেলবে।
মন্তব্য