খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২ই মার্চ ২০২৫, ২:৫৯ পিএম

ঢাকা, ২ মার্চ ২০২৫ (বাসস): দক্ষিণ বলিভিয়ার একটি মহাসড়কে শনিবার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এটি চলতি বছরে দেশটির সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।
লা পাজ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুর্ঘটনাটি উয়ুনি শহরের কাছে ঘটে। কর্নেল উইলসন ফ্লোরেস এএফপিকে বলেন, “দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।”
Table of Contents
নিহতদের মধ্যে ছয়জন বিদেশি নাগরিক রয়েছেন, যার মধ্যে পাঁচজন পেরুর এবং তিন বছর বয়সী এক জার্মান শিশু রয়েছে। এ দুর্ঘটনায় মোট সাতটি শিশু প্রাণ হারিয়েছে।
শনিবার সকালে সরু দ্বিমুখী রাস্তায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। একটি বাস ওরোরো প্রদেশের দিকে যাচ্ছিল, যেখানে বিখ্যাত ওরোরো কার্নিভাল অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে সেখানে বিপুলসংখ্যক মানুষ সমবেত হয়।
পোতোসির প্রসিকিউটর গঞ্জালো অ্যাপারিসিও রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা এবিআইকে জানিয়েছেন, “বাসের এক চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি বিপরীত লেনে গিয়ে সামনের দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দেন।”
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর বলিভিয়ায় গড়ে ১,৪০০ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। বলিভিয়ান অবজারভেটরি অফ সিটিজেন সিকিউরিটির তথ্য অনুসারে, দেশটির মোট সড়ক দুর্ঘটনার ১০.৬ শতাংশ পোতোসিতে ঘটে।
পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর পোতোসিতে সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৪ জন প্রাণ হারিয়েছেন।
এই দুর্ঘটনা এমন এক সময় ঘটল, যখন দক্ষিণ বলিভিয়ায় মাত্র দুই সপ্তাহ আগে ৮০০ মিটার গভীর খাদে বাস পড়ে ৩০ জনের মৃত্যু হয়েছিল।
পোতোসি ও ওরুরোর মধ্যকার সরু রাস্তাটি একটি গভীর গিরিখাতের পাশ দিয়ে গিয়েছে, যেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত জানুয়ারিতেও একই এলাকায় বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি অতিরিক্ত গতির ফলে বাসের নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটেছে। দুর্ঘটনার জন্য দায়ী চালককে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
মন্তব্য