বেশি লাভের আশায় পানি মিশিয়ে অকটেন বিক্রির অভিযোগ উঠেছে। শরীয়তপুর পৌরসভার এক ফিলিং স্টেশন থেকে তিন দিনে প্রায় ১০০০ লিটার পানিমিশ্রিত অকটেন বিক্রি বিষয়টি ধরা পড়েছে ভোক্তা অধিকার ও বিএসটিআই যৌথ অভিযানে। এ ঘটনায় স্থানীয় অনেক বাইকার তাদের বাহন নিয়ে সমস্যায় পড়েছেন। তাদের অভিযোগের ভিত্তিতেই পৌরসভার মনোহর বাজার মোড়ে অবস্থিত হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগ উঠেছে পাম্পটি থেকে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১০০০ লিটার পানি মিশ্রিত অকটেন বাইকারদের কাছে বিক্রি করা হয়। এসব ঘটনায় বাইকররা ওই স্টেশনে এসে অভিযোগ দিয়েও প্রতিকার পাননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রকে অভিযোগ করেন স্থানীয় বাইকাররা। য় ভোক্তা অধিকার ও বিএসটিআই যৌথ অভিযান চালায় হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশনে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর অকটেনের সঙ্গে পানি মেশানোর প্রমাণ মিলে।

অকটেন বিক্রি হচ্ছে পানি মিশিয়ে
এ ঘটনায় হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অকটেন ট্যাংকটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়। ভোক্তাদের সুবিধার জন্য ফিলিং স্টেশন মালিক খালেদ মোহাম্মদ জাহাঙ্গীর তালুকদারকে দ্রুত সময়ের মধ্যে অকটেন ট্যাংকটি খালি করে ব্যবহার উপযোগী করার নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী, বিএসটিআইয়ের প্রতিনিধি ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ‘অকটেনের সঙ্গে পানি মেশানোর ঘটনার সত্যতা আমরা প্রমাণ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে ট্যাংকটি ব্যবহার উপযোগী করে বিএসটিআই ও ভোক্তা অধিকার কর্তৃক অনুমোদন নিয়ে চালুর নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
আরও দেখুনঃ
