জি- লাইভ ডেস্ক
প্রকাশ: ১২ই আগস্ট ২০২৬, ১০:১৪ পিএম

দেশে চলমান লোডশেডিং ও বিদ্যুৎ সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক খোলামেলা স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ। বিএনপি-সমর্থক হিসেবে নিজ দলের সরকারের প্রতি অন্ধ না থেকে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে সামাজিক মাধ্যমে এক প্রকার ‘আত্মসমালোচনা’ করেছেন তিনি। একই সঙ্গে বিদ্যুৎ খাতের বর্তমান অবস্থা নিয়ে সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা এবং জনগণের কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানান এই সাবেক ছাত্রনেতা।
বুধবার (১২ আগস্ট) নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রেজা শরীফ শৈশবের স্মৃতিচারণ করে লেখেন, দলের একনিষ্ঠ কর্মী হওয়ায় দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকলেও বিষয়টি তাঁর ব্যক্তিগতভাবে খারাপ লাগে না। নিজের পছন্দসই দল রাষ্ট্রক্ষমতায় আছে—এই অনুভূতিই তাঁর কাছে মুখ্য। লোডশেডিং হলে শৈশবের সেই দিনগুলোর কথা মনে পড়ে, যখন বিদ্যুৎ চলে গেলে তিনি বন্ধুদের সাথে লুকোচুরি ও আড্ডায় মেতে উঠতেন।
তবে এই স্মৃতিচারণের পরপরই সাধারণ মানুষের দৈনন্দিন কষ্টের বাস্তব চিত্র তুলে ধরেন তিনি। তিনি স্পষ্ট করেন, দেশের সাধারণ নাগরিকরা সবাই বিএনপির কর্মী নন। ফলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকলে তাদের কাছে শৈশবের স্মৃতি নয়, বরং চরম বিরক্তি আসে এবং তারা ক্ষুব্ধ হয়ে সরকারকে গালিগালাজ করেন।
বিদ্যুৎকে মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে রেজা শরীফ বলেন, বর্তমান যুগে স্বাভাবিক বিদ্যুৎ পাওয়া প্রতিটি মানুষের ন্যূনতম অধিকার। এটি নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। যদি বিদ্যুৎ খাতে বড় কোনো প্রযুক্তিগত বা জ্বালানি সংকট থাকে, তবে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কিংবা সংশ্লিষ্টদের সংবাদ সম্মেলন করে দেশবাসীর কাছে সত্যিটা জানানো উচিত এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।
দলীয় পরিচয়ের বাইরে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির পক্ষে অবস্থান নিয়ে এক বিএনপি নেতার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। নেটিজেনদের অনেকেই তাঁর এই স্পষ্টবাদিতা ও সাহসী সমালোচনার প্রশংসা করছেন।
মন্তব্য