জি- লাইভ ডেস্ক
প্রকাশ: ৯ই আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম

নতুন ক্লাবে যোগ দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করার আনন্দ খুব বেশি দিন স্থায়ী হলো না মিসরীয় ফুটবল তারকা মোহাম্মদ সালাহর। তুর্কি ক্লাব ত্রাবজোনস্পোরে মাঠ মাতানোর প্রস্তুতি নিতে না করতেই পুরোনো এক আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন এই ফরোয়ার্ড। বকেয়া ফি পরিশোধ না করার অভিযোগে দায়ের করা এক মামলায় সালাহকে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে মিসরের নিউ কায়রো কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্স।
আদালতের নির্দেশে বলা হয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর সালাহকে কায়রোর সংশ্লিষ্ট জজকোর্টে সশরীরে উপস্থিত থাকতে হবে। মিসরের জ্যেষ্ঠ আইনজীবী আমর ফারাগ আল্লাহ মোর্সি আবদেল তাওয়াব এই পাওনা দাবির মামলাটি করেন। উক্ত আইনজীবীর ভাষ্যমতে, বিগত বছরগুলোতে তিনি সালাহর পক্ষে আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসন এবং নথিপত্র সামলানোর কাজ করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে সেবা প্রদান করা সত্ত্বেও তার প্রাপ্য ফি পরিশোধ করা হয়নি।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রথম এই বিরোধটির সূত্রপাত ঘটে। ২০১২ সালে সালাহ ওই আইনজীবীকে একটি পাওয়ার অব অ্যাটর্নি বা ওকালতনামা প্রদান করেছিলেন, যা দীর্ঘ ১৩ বছর বহাল থাকার পর ২০২৫ সালের আগস্টে বাতিল করা হয়। আইনজীবী দাবি করেছেন, চুক্তিকালীন সময়ের কাজের পারিশ্রমিক না পাওয়ায় তিনি আর্থিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অন্যদিকে, আইনজীবীর দাবি ও বকেয়া টাকার বিষয়টি ভিত্তিহীন বলে সম্পূর্ণ অস্বীকার করেছেন সালাহ। সালাহর এই অস্বীকৃতির পর মামলার সত্যতা যাচাইয়ে এক বিশেষ পদক্ষেপ নেন বিচারক। সালাহকে বিচারকের সামনে উপস্থিত হয়ে প্রথাগত ‘শপথ’ নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই শপথের মাধ্যমেই তাকে নিশ্চিত করতে হবে যে তার লিখিত বক্তব্য সম্পূর্ণ সত্যি।
আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে, ধার্য করা দিনে সালাহ যদি আদালতে উপস্থিত হয়ে শপথ নিতে অপারগতা জানান বা যৌক্তিক কারণ ছাড়া অস্বীকৃতি জানান, তবে তাকে আইন অনুযায়ী ‘শপথ গ্রহণে অস্বীকৃতি জানানো ব্যক্তি’ হিসেবে গণ্য করা হবে। সে ক্ষেত্রে আদালত ধরে নেবে যে তিনি আইনজীবীর পাওনা স্বীকার করে নিয়েছেন এবং রায় সালাহর বিরুদ্ধে চলে যেতে পারে। এ কারণেই মামলাটির চূড়ান্ত রায় আপাতত স্থগিত রেখেছে বিচারালয়।
আইনি এই বাধ্যবাধকতায় নতুন ক্লাবের ম্যাচ সূচি নিয়ে চরম বিপাকে পড়েছেন সালাহ। লিভারপুল ছেড়ে অতি সম্প্রতি তুর্কি ক্লাব ত্রাবজোনস্পোরে যোগ দেন তিনি। আগামী ১৫ আগস্ট কাশিমপাশার বিপক্ষে ম্যাচ দিয়ে তুর্কি লিগে তার মাঠে নামার কথা রয়েছে। এরপর ৬ সেপ্টেম্বর গেনচলেরবিরলিগির মুখোমুখি হবে তার দল। দুর্ভাগ্যের বিষয় হলো, ঠিক একই দিনে মিসরের আদালতে তাকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ, অন্যদিকে স্বদেশের আইনি নোটিশ—ক্যারিয়ারের নতুন মোড়ে এসে বড় এক দ্বিধাদ্বন্দ্ব ও সংকটে পড়েছেন মিসরের এই তারকা।
মন্তব্য