,

কেরানীগঞ্জে ডিবির অভিযান: ৭২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। গ্রেপ্তারকৃতরা হলেন—দক্ষিণ কেরানীগঞ্জের ঘোষকান্দা এলাকার মো. সাজিদ (২৩) এবং শরীয়তপুরের পালং থানার আটিপাড়ার বাসিন্দা মো. আলাউদ্দিন ঢালী (৩২)। আলাউদ্দিন দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জের কালীবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদকের কারবার চালাচ্ছিলেন।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) সূত্রে জানা যায়, শনিবার গোপন সূত্রে খবর পাওয়া যায় যে কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া মাঠ এবং রেলস্টেশন সংলগ্ন খালপাড় ব্রিজ এলাকায় ইয়াবা কেনাবেচা চলছে। এমন খবরের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে ডিবির একাধিক দল মাঠে নামে।

অভিযান চালিয়ে প্রথম দফায় চুনকুটিয়া আর্মি ক্যাম্প কাঁচাবাজারের সামনের সড়ক থেকে ৫০ পিস ইয়াবাসহ সাজিদকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে রেলস্টেশনের খালপাড় ব্রিজের ওপর দ্বিতীয় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ আলাউদ্দিন ঢালীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। উভয় স্থানেই ডিবির উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে ঢাকার কেরানীগঞ্জ ও এর আশপাশের এলাকায় গোপনে ইয়াবা সরবরাহ করে আসছিলেন। উদ্ধার করা ইয়াবা ইতিমধ্যে আলামত হিসেবে বাজেয়াপ্ত করা হয়েছে।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। চক্রটির নেপথ্যে থাকা মূল হোতাদের চিহ্নিত করতে এবং মাদকের চালানের উৎস সন্ধান করতে আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিস্তার রুখতে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।