খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৫ই জুন ২০২৬, ৫:৪৯ পিএম

দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে নিয়মিতভাবে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। একই দিনে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন এবং পরবর্তীতে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেন।
হাই কমিশনার বলেন, প্রাথমিকভাবে পাঁচটি শহরের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা। পরে ধাপে ধাপে অন্যান্য শহরেও এই কার্যক্রম বিস্তৃত করা হবে। তিনি জানান, জরুরি মানবিক প্রয়োজনে মেডিকেল ভিসা আগের মতোই চালু থাকবে।
সংবাদ সম্মেলনে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের জনগণের যোগাযোগ আরও সহজ করতে নিয়মিত ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করা হচ্ছে। তাঁর মতে, এই সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং সাধারণ মানুষের মধ্যে যাতায়াত ও যোগাযোগ বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতির মধ্যে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সীমিত করা হয়। পরবর্তীতে পরিস্থিতি অনুকূলে না থাকায় ট্যুরিস্ট ভিসা কার্যত স্থগিত থাকে এবং কেবল সীমিত পরিসরে জরুরি ও মেডিকেল ভিসা দেওয়া হচ্ছিল।
সেই সময় বহু বাংলাদেশি নাগরিক বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক প্রয়োজনে ভিসা পেতে সমস্যায় পড়েন। দীর্ঘ অপেক্ষা ও সীমিত অ্যাপয়েন্টমেন্টের কারণে আবেদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়।
হাই কমিশনার জানান, নিরাপত্তাজনিত কারণে অতীতে কিছু ভিসা কেন্দ্র ও সংশ্লিষ্ট স্থাপনায় হামলার ঘটনা ঘটেছিল। এ কারণেই কার্যক্রম সীমিত করতে হয়েছিল। তবে এখন পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে প্রতিদিন দেড় হাজারের বেশি ভিসা ইস্যু করা হচ্ছে, যার মধ্যে চিকিৎসা ও জরুরি ভিসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ভিসা কার্যক্রম পুনরায় চালুর ঘোষণাকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য