বার্সেলোনার নজরে মিশরের বিস্ময়বালক হামজা আবদেলকারিম

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আবারও তরুণ প্রতিভা দলে ভেড়ানোর উদ্যোগ নিয়েছে, আর এই তালিকায় নতুন নাম হিসেবে যুক্ত হয়েছে মিশরের কিশোর স্ট্রাইকার হামজা আবদেলকারিম। মাত্র ১৭ বছর বয়সেই যিনি মিশরের ফুটবলে নতুন আলো ছড়িয়ে দিয়েছেন। আল আহলির এই প্রতিশ্রুতিশীল ফুটবলার কিছুদিন আগে ক্লাবের সিনিয়র দলে ডেবিউ করে কোচিং স্টাফদের দৃষ্টি আকর্ষণ করেন। তবে তার প্রকৃত পরিচিতি আসে মিশরের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে।

স্প্যানিশ দৈনিক ‘স্পোর্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা খুব শিগগিরই তাকে ধারে নেওয়ার জন্য চুক্তি সম্পন্ন করতে চায় এবং এর সঙ্গে থাকবে ভবিষ্যতে স্থায়ীভাবে কেনার অপশন। জানুয়ারির শুরুতেই তাকে বার্সা অ্যাথলেটিকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, কারণ দলটির ফরোয়ার্ড পজিশনে বর্তমানে ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে হামজার আগমন তাদের স্কোয়াডে নতুন শক্তি যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বার্সেলোনার স্কাউটরা তাকে প্রথমবার কাছ থেকে দেখে মুগ্ধ হন। তার গতি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, গোলের সামনে ক্লিনিক্যাল ফিনিশিং এবং নিচে নেমে এসে খেলা গড়ার দক্ষতা স্কাউটদের নজর কাড়ে। স্কাউটিং রিপোর্ট পাঠানোর পর থেকেই বার্সার কোচিং ডিপার্টমেন্ট এবং ট্যালেন্ট রিক্রুটমেন্ট শাখা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়।

এই দৌড়ে বায়ার্ন মিউনিখ ও এসি মিলানও ছিল। ইউরোপের এই দু’টি জায়ান্টও হামজার পারফরম্যান্স দেখে তাদের আগ্রহ জানানোর চেষ্টা করে। তবে খেলোয়াড়ের নিজের ইচ্ছাই শেষ পর্যন্ত বার্সেলোনাকে এক ধাপ এগিয়ে দিয়েছে। বার্সার আগ্রহ জানার পর হামজা অন্য সব আলোচনাই স্থগিত করে দেন। তার বাবা সম্প্রতি আল আহলির কাছে অনুরোধ করেছেন যেন তারা ছেলেকে বার্সেলোনায় যেতে অনুমতি দেয়, কারণ ক্যারিয়ার গঠনের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ।

আল আহলি যদিও হামজাকে ধারে ছাড়তে রাজি, তবে তারা নিশ্চিত আর্থিক সুবিধা চায়। ক্লাবটি চুক্তিতে একটি নির্দিষ্ট ফি, পারফরম্যান্স বোনাস এবং প্রথম দলে উন্নীত হলে অতিরিক্ত অর্থ যুক্ত করতে চাইছে। এমনকি ভবিষ্যতে যদি বার্সেলোনা তাকে বিক্রি করে, তবে সেখান থেকেও আল আহলি একটি নির্দিষ্ট শতাংশ পেতে চায়। পেদ্রিকে লাস পালমাস থেকে আনার সময় বার্সা যেভাবে বিশেষ কাঠামো দিয়েছিল—এটি অনেকটা তারই পুনরাবৃত্তি।

আরও জানা গেছে, বার্সেলোনা নাকি হামজাকে আগামী গ্রীষ্মের প্রি-সিজনে প্রথম দলের সঙ্গে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এতে হামজা ও তার পরিবার পুরোপুরি আশ্বস্ত হয়েছে যে তিনি শুধু একাডেমিতে সীমাবদ্ধ থাকবেন না, বরং উন্নতির সুযোগও পাবেন।

হামজা একজন জন্মগত স্ট্রাইকার। তার গোল করার সহজাত ক্ষমতা, বল দখলের জন্য নিচে নেমে আসা, টিমমেটদের সঙ্গে সমন্বয় গড়ে তোলার দক্ষতা তাকে ব্যতিক্রমী করে তুলেছে। জানুয়ারিতে তিনি ১৮ বছরে পা দেবেন, ফলে আন্তর্জাতিক ট্রান্সফারে তার কোনো আইনি বাধাও থাকছে না। সব মিলিয়ে, বার্সেলোনার ভবিষ্যত স্ট্রাইকার হিসেবে তাকে একটি বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।