মঙ্গলবার মার্কিন জাতীয় আর্কাইভ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত চূড়ান্ত নথি প্রকাশ করেছে, যা তার মৃত্যুর ৬০ বছর পরও ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছে।
এএফপি সূত্রে ওয়াশিংটন থেকে এ খবর জানানো হয়েছে।
২০২১ সালের জানুয়ারিতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেএফকে হত্যাকাণ্ডের সমস্ত অবশিষ্ট রেকর্ড প্রকাশের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ওই আদেশের পরেই কেনেডি হত্যাকাণ্ড সম্পর্কিত নথি প্রকাশের কাজ শুরু হয়।
এছাড়া, কেনেডি হত্যার পাশাপাশি তার ভাই, প্রাক্তন অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডি এবং নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত অবশিষ্ট নথিগুলিও প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল।
মঙ্গলবার সন্ধ্যায় আর্কাইভস তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুসারে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের নথি শ্রেণীবদ্ধকরণের জন্য আটকে রাখা সব নথি বা দলিল প্রকাশ করা হয়েছে।”
১৯৬৩ সালের নভেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট কেনেডির হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত লক্ষ লক্ষ পৃষ্ঠার রেকর্ড জাতীয় আর্কাইভসে রাখা ছিল, তবে জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে কিছু নথি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর অনুরোধে আটকে রাখা হয়েছিল।
ওয়ারেন কমিশন তদন্তে সিদ্ধান্ত নিয়েছিল যে, একজন প্রাক্তন মেরিন শার্পশুটার লি হার্ভে অসওয়াল্ড একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তবে সরকারি নথি প্রকাশের ধীরগতির কারণে নানা ষড়যন্ত্র তত্ত্ব বেড়ে যায়, যা কেনেডির হত্যার পিছনে আরও গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।
১৯৬৩ সালের ২২ নভেম্বর, টেক্সাসের ডালাসে কেনেডি নিহত হন এবং তার দুই দিন পর, ২৪ নভেম্বর, কাউন্টি কারাগারে স্থানান্তরের সময়, অসওয়াল্ডকে গুলি করে হত্যা করেন স্ট্রিপ ক্লাবের মালিক জ্যাক রুবি।
প্রকাশিত নথিগুলোর মধ্যে অনেক অপ্রচলিত গোয়েন্দা তথ্য রয়েছে, যার মধ্যে এফবিআই এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত অসংখ্য রিপোর্টও অন্তর্ভুক্ত রয়েছে, যা কোনো ফলাফল দেয়নি। এর মধ্যে সিআইএ’র কিছু অদ্ভুত ষড়যন্ত্রের তথ্যও রয়েছে, যা কিউবার ফিদেল কাস্ত্রোকে হত্যা করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল।
