জি- লাইভ ডেস্ক
প্রকাশ: ২৯ই জুলাই ২০২৬, ১১:১৭ পিএম

বিশ্বব্যাপী ডিজিটাল অবকাঠামোর বিস্তার এবং টেকসই জ্বালানি রূপান্তরের (Energy Transition) সুবাদে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক মূলধনের নতুন ঠিকানা হয়ে উঠেছে অবকাঠামো খাত। সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক ঋণমান নির্ধারণী সংস্থা ফিচ রেটিংসের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের দীর্ঘমেয়াদি দায় (Liabilities) সামাল দিতে এবং মূলধনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বৈশ্বিক বিমা কোম্পানিগুলো এখন প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেটে তাদের বিনিয়োগ বহুগুণ বৃদ্ধি করছে।
ফিচ রেটিংসের ‘দ্য ফিউচার অব ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স: অ্যাসেট ফোকাস, নিউ ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টর অ্যাপেটাইট’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে অবকাঠামো অর্থায়নের বিবর্তন চিত্র। সংস্থাটি জানিয়েছে, এতদিন মেগা প্রকল্পগুলোতে পেনশন ফান্ড, সোভরেইন ওয়েলথ ফান্ড ও ফ্যামিলি অফিসগুলোর রাজত্ব থাকলেও এখন বিমা কোম্পানিগুলো তাদের পাশাপাশি সমানতালে সক্রিয় ভূমিকা রাখছে। করপোরেট ডেট, প্রজেক্ট ফাইন্যান্স এবং স্ট্রাকচার্ড ফাইন্যান্সের সংমিশ্রণে বর্তমানে প্রাইভেট ও পাবলিক ক্যাপিটাল মার্কেট থেকে সুবিধাজনক অর্থায়নের পথ খুঁজে নিচ্ছেন উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা।
ফিচ রেটিংসের মার্কেটস রিসার্চ বিভাগের প্রধান মনসুর হোসেন বৈশ্বিক বিমা খাতের এই আগ্রহের পেছনে গুরুত্বপূর্ণ দুটি কারণ উল্লেখ করেছেন। তাঁর মতে, সলভেন্সি এবং রিস্ক-বেসড ক্যাপিটাল ফ্রেমওয়ার্কের মতো কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার অধীনে বিমা প্রতিষ্ঠানগুলোর জন্য মূলধন দক্ষতার উন্নয়ন ঘটানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেটে অর্থায়ন তাদের দীর্ঘমেয়াদি দায়ের সঙ্গে সম্পদের নিখুঁত সামঞ্জস্য বজায় রাখতে সহায়তা করছে। এর পাশাপাশি পেনশন ও সোভরেইন ওয়েলথ ফান্ডগুলো কৌশলগত মূলধনের প্রধান জোগানদাতা হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে যে, বিশ্বজুড়ে ডেটা সেন্টার নির্মাণ ও বিদ্যুৎ খাতের মতো মূলধননির্ভর বড় বড় প্রকল্পে তহবিলের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে চাহিদা তৈরি হয়েছে এমন কিছু অর্থায়ন কাঠামোর, যা প্রকল্পের দীর্ঘমেয়াদি নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো, নিয়ন্ত্রক সংস্থার শর্তাবলি এবং ঝুঁকির হারের সঙ্গে মানানসই। ঋণগ্রহীতারাও প্রথাগত করপোরেট বন্ডের ওপর নির্ভরতা কমিয়ে যৌথ উদ্যোগের ব্যাক লিভারেজ, ক্রেডিট ট্রাঞ্চিং এবং হাইব্রিড ডেটের মতো আধুনিক অর্থায়ন পদ্ধতির শরণাপন্ন হচ্ছেন।
অবকাঠামো ফাইন্যান্স খাতের এই নাটকীয় পরিবর্তন নিয়ে ফিচ রেটিংস যে ধারাবাহিক গবেষণা প্রকাশ করছে, এটি ছিল তার দ্বিতীয় কিস্তি। বিচিত্র ধারার বিনিয়োগকারী এবং জটিল অর্থনৈতিক কাঠামোর আগমনে অবকাঠামো ঋণ বিশ্লেষণ ও মূল্যায়নের সামগ্রিক পদ্ধতিতেই এখন একটি ব্যাপক গুণগত পরিবর্তন দৃশ্যমান হচ্ছে।
মন্তব্য