দুবাই পুলিশ জানিয়েছে, ২৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এক বিরল গোলাপি হীরা চুরির কয়েক ঘণ্টার মধ্যেই তিনজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পুলিশের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়, দুবাই পুলিশ জেনারেল কমান্ড এক বিবৃতিতে জানায়— “অত্যন্ত বিরল গোলাপি হীরাটির মূল্য ২৫ মিলিয়ন মার্কিন ডলার। পুলিশ সফলভাবে চুরি ঠেকাতে সক্ষম হয়েছে।”
হীরাটি ইউরোপ থেকে নিয়ে আসেন এক ব্যবসায়ী। এক অপরাধী চক্র সম্ভাব্য ধনী ক্রেতার ছদ্মবেশে ওই ব্যবসায়ীকে একটি বিলাসবহুল বাসায় ডেকে নেয়। সেখানে পৌঁছানোর পর চক্রটি হীরাটি চুরি করে নেয়।
পুলিশ জানায়, মাত্র আট ঘণ্টার মধ্যে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে বিশেষজ্ঞদের পাশাপাশি মাঠ পর্যায়ের টিম কাজ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্তত একজন এশীয় নাগরিক রয়েছেন বলে জানানো হলেও তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।
দুবাই মিডিয়া অফিস গ্রেপ্তারের পর একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, গ্রেপ্তার তিনজনের মুখ ঝাপসা করা হয়েছে। একই সঙ্গে চুরির সময়কার সিসিটিভি ফুটেজও প্রকাশ করা হয়েছে, যা অপরাধ প্রমাণে ব্যবহৃত হবে।
