,

গ্রিনল্যান্ড সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের আগ্রহ প্রকাশের পর, প্রথম বিদেশি নেতা হিসেবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গ্রিনল্যান্ড সফরের পরিকল্পনা করেছেন।

এই সফরকে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সার্বভৌমত্বের প্রতি সংহতির বার্তা হিসেবে দেখা হচ্ছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ম্যাখোঁ বলেছেন, ‘আমরা এখানে আছি এবং লুণ্ঠন ঠেকাতে প্রস্তুত।’

ট্রাম্প এর আগে ঘোষণা দিয়েছিলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সম্পদ-সমৃদ্ধ আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ড আমেরিকার প্রয়োজন এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি। তবে ডেনিশ ও গ্রিনল্যান্ডের নেতারা বারবার স্পষ্ট করে বলেছেন, ‘ওয়াশিংটন কখনোই গ্রিনল্যান্ড পাবে না।’

জাতিসংঘের মহাসাগর বিষয়ক সম্মেলনে ম্যাখোঁ বলেন, গ্রিনল্যান্ডসহ আর্কটিক অঞ্চলের ভূমি ও জলসীমা ‘বিক্রির জন্য নয়’।

গ্রিনল্যান্ড সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন ও ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের আমন্ত্রণে যাচ্ছেন। সফরে তিনি হিমবাহের গলন এবং জলবায়ু পরিবর্তনজনিত সংকট নিয়েও আলোচনা করবেন।

এছাড়া, তিনি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নির্মিত জলবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন এবং একটি ডেনিশ হেলিকপ্টার ক্যারিয়ারে বৈঠকে অংশ নেবেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি গ্রিনল্যান্ড সফর করে ডেনমার্কের সমালোচনা করেছিলেন। জরিপ অনুযায়ী, দ্বীপটির অধিকাংশ বাসিন্দা ডেনমার্ক থেকে স্বাধীনতা চাইলেও যুক্তরাষ্ট্রের অংশ হতে আগ্রহী নন।

গ্রিনল্যান্ড সফর শেষে প্রেসিডেন্ট ম্যাখোঁ কানাডায় জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।