ট্রাম্পের শুল্ক পানামা খালের জাহাজ চলাচল কমাতে পারেনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব দেশের ওপর শুল্ক আরোপ করেছেন, তা এখনও পানামা খালপথে কন্টেইনারবাহী জাহাজ চলাচলে কোনো প্রভাব ফেলতে পারেনি। খাল কর্তৃপক্ষের প্রশাসক বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।

পানামা সিটি থেকে এএফপি জানায়, ট্রাম্প দীর্ঘদিন ধরে যেসব দেশকে ‘অন্যায্য বাণিজ্য চর্চার’ অভিযোগে অভিযুক্ত করে আসছেন, তাদের যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর তার বহুল প্রতীক্ষিত ‘পারস্পরিক’ শুল্ক কার্যকর হয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করেছিলেন, এই আক্রমণাত্মক নীতি পানামা খালপথে জাহাজ চলাচল কমিয়ে দেবে। এই খাল দিয়ে বিশ্বের মোট নৌবাণিজ্যের প্রায় পাঁচ শতাংশ পণ্য পরিবহন করা হয়।

খাল প্রশাসক রিকার্তে ভাসকেস বার্তা সংস্থা এএফপিকে বলেন, “রাজস্ব ও কার্গোর দিক থেকে চলতি অর্থবছরের ফলাফল আমাদের পূর্বাভাস অনুযায়ী হবে।”

পানামা খাল কর্তৃপক্ষ চলতি অর্থবছরে ৫.৬ বিলিয়ন ডলারের রেকর্ড রাজস্ব আয়ের পূর্বাভাস দিয়েছিল, যা গত বছরের তুলনায় ১২.৭ শতাংশ বেশি। একই সময়ে প্রায় ১৩,৯০০টি জাহাজ খাল অতিক্রম করবে বলে ধারণা করা হয়েছিল, যারা মোট ৫২০ মিলিয়ন টন পণ্য পরিবহন করবে। এই অর্থবছর শেষ হবে ৩০ সেপ্টেম্বর।

তবে ভাসকেস জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে শুল্কের প্রভাবে কার্গো পরিবহনের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

৮০ কিলোমিটার (৫০ মাইল) দীর্ঘ এই খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে এবং ১৭০টি দেশের ১,৯০০টিরও বেশি বন্দরে সেবা প্রদান করে। বিশেষ করে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছে দিতে খালটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে চীন ও যুক্তরাষ্ট্র একে অপরের রপ্তানির ওপর বাড়তি শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত করেছে।