খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৫ই জুন ২০২৫, ১:৩৪ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ২২ জুনের পর ইউক্রেনের সঙ্গে নতুন দফার শান্তি আলোচনায় বসতে প্রস্তুত মস্কো। একইসঙ্গে বন্দী ও নিহত সেনাদের মরদেহ বিনিময়ের পরিকল্পনা রয়েছে বলে শনিবার জানায় ক্রেমলিন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনায় সম্মত হবেন কিনা তা স্পষ্ট করেননি। তবে তিনি বলেছেন, বন্দী বিনিময় সম্পন্ন হওয়ার পর পক্ষগুলো পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলবে।
এদিন পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ হয়েছে। ট্রাম্প জানান, পুতিন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইরান-ইসরাইল সংকট ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও রাশিয়াকে সমানভাবে বিবেচনা করা অন্যায্য। রাশিয়া আগ্রাসন চালিয়েছে, তারা যুদ্ধ থামাতে চায় না।
এদিকে ইউক্রেন-রাশিয়া এই সপ্তাহে চতুর্থবারের মতো বন্দী ও নিহত সৈন্যদের দেহ বিনিময় করেছে।
রাশিয়া এখনও ইউক্রেনের দখলকৃত অঞ্চল ছাড়তে বা তিন বছরের যুদ্ধ বন্ধে কোনো সম্মতি দেয়নি। বরং ইউক্রেনকে পশ্চিমা সামরিক সহায়তা ত্যাগের দাবি জানাচ্ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের বহু শহর ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।
মন্তব্য