ঢাকার মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে ধানমন্ডি থানা পুলিশের একটি দল হামলার শিকার হয়েছে। এ ঘটনায় আত্মরক্ষার্থে পুলিশের গুলিতে এক ছিনতাইকারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এবং ঘটনাস্থল থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ সাকিব বর্তমানে পুলিশি প্রহরায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া ঘটনাস্থল থেকে পলাশ ও বিপ্লব নামের আরও দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাপাতি, চাকু এবং একটি খেলনা রিভলভার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে সোমবার (১১ মে) সকালে মোহাম্মদপুর টাউন হলের পেছনের একটি গলিতে। বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন।
তিনি জানান, পূর্বের একটি ছিনতাই সংক্রান্ত মামলার তদন্তের সূত্র ধরে ধানমন্ডি থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করতে যায়। এ সময় ওই এলাকায় অবস্থান করা একটি ছিনতাইকারী চক্র পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর আক্রমণ চালায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় সকাল আনুমানিক ৬টার দিকে টাউন হল এলাকায় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। তাদের কাছে চাইনিজ কুড়াল, চাপাতি ও ছুরি ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এরপরও হামলাকারীরা পিছু না হটায় আত্মরক্ষার্থে আরও গুলি চালানো হয়। এ সময় এক ছিনতাইকারীর পায়ের দিকে গুলি করা হলে তার পায়ের আঙুলে গুলি লাগে। আহত অবস্থায় তাকে আটক করে হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সময় পুলিশের কয়েকজন সদস্যও সামান্য আহত হন বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আটককৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তারা ধানমন্ডি ও আশপাশের এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে চাপাতি, ছুরি ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আসছিল।
এ ঘটনায় আটক তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
