সহিংসতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত

শিক্ষাঙ্গনে সহিংসতার ঘটনায় ভারতের শিলচর শহরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (NIT) থেকে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই শিক্ষার্থীরা কাউন্সিল অব কালচারাল রিলেশন্স (ICCR) বৃত্তির আওতায় শিলচর NIT-এ অধ্যয়নরত ছিলেন এবং সম্মান (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ভারতের সংবাদমাধ্যম NDTV-এর প্রতিবেদনে বলা হয়েছে, শিলচর NIT ক্যাম্পাসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সময় ওই পাঁচ শিক্ষার্থী রড, ছুরি ও স্ক্রু ড্রাইভার নিয়ে চতুর্থ ও শেষ বর্ষের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এই হামলায় শেষ বর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন, যাদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা সংকটজনক।

আহত শিক্ষার্থীদের শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (SMCH) ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার সময় ওই পাঁচ শিক্ষার্থী মদ্যপ অবস্থায় ছিলেন।

NIT শিলচর ক্যাম্পাসের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় ওই শিক্ষার্থীদের এক বছরের জন্য—দুই সেমিস্টার—শিক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। গত সপ্তাহে তাদেরকে ক্যাম্পাসের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বহিষ্কারকালে তারা ভারতে অবস্থান করতে পারবে না, তাই শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: NDTV