খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২০ই আগস্ট ২০২৫, ১২:২৯ পিএম

প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের মুম্বাইতে ভয়াবহ এক দুর্ঘটনা এড়ানো গেল অল্পের জন্য। মঙ্গলবার, ১৯ আগস্ট সন্ধ্যায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটি মনোরেল ট্রেন প্রায় দুই ঘণ্টা মাঝপথে আটকে যায়। ওই ট্রেনে অন্তত ৪০০ যাত্রী ছিলেন বলে জানা গেছে।
ভারতের মনোরেল পরিষেবা মাটির অনেক ওপরে চলে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে চেম্বুর ও ভক্তি পার্ক স্টেশনের মাঝামাঝি স্থানে হঠাৎ ট্রেনটি থেমে যায়। এর ফলে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যুৎ বিভ্রাটে ট্রেনের এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ হয়ে যায়, ফলে কামরার ভেতরে প্রচণ্ড গরম ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়। কয়েকজন যাত্রী অজ্ঞান হয়ে পড়েন, আবার কেউ কেউ জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যান্ত্রিক সিঁড়ি, ক্রেন ও ল্যাডারের সাহায্যে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনে। দীর্ঘ সময় আটকে থাকার পর উদ্ধার হওয়া এক যাত্রী জানান, কামরার ভেতরে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছিল।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস যাত্রীদের আশ্বস্ত করে বলেন, “আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবাইকে নিরাপদে উদ্ধার করা হবে।”
উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, প্রবল বর্ষণের কারণে হারবার লাইন ট্রেন পরিষেবা বন্ধ থাকায় অস্বাভাবিক ভিড় হয়েছিল মনোরেলে। অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেন খানিকটা হেলে পড়ে, তার ওপর বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
দুই ঘণ্টারও বেশি সময় আটক থাকার কারণে যাত্রীরা প্রচণ্ড গরম, বায়ুর অভাব ও আতঙ্কের মধ্যে ছিলেন। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, আর অনেকেই বাঁচার তাগিদে মরিয়া হয়ে জানালা ভাঙতে শুরু করেন।
শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের তৎপরতায় সবাইকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়।
মন্তব্য