ট্রাম্প জেলেনস্কির আলোচনার মাঝেই পুতিনকে ফোন, ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে চলমান বৈঠকের মাঝপথে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘ ৪০ মিনিট ফোনে আলাপ করেছেন। এ সময় বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও উপস্থিত ছিলেন।

ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তিনি বর্তমানে পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনের স্থান নির্ধারণে কাজ করছেন।

সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে ইউরোপের অন্যান্য নেতারাও অংশ নেন। বৈঠক শেষে এক বিবৃতিতে ট্রাম্প লিখেন— “বৈঠক শেষ হওয়ার পর আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন করি এবং তার সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক আয়োজনের স্থান নিয়ে কাজ শুরু করি।”

ট্রাম্প আরও উল্লেখ করেন, পরিকল্পিত বৈঠকে তিনি নিজেও উপস্থিত থাকবেন। পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা সম্পর্কেও বিস্তৃত আলোচনা হয়েছে। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ সমন্বিতভাবে অংশ নেবে বলে তিনি জানান।