চট্টগ্রামে বাসার দরজা ভেঙে উদ্ধার স্কুলশিক্ষিকার মরদেহ

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার দেওয়ানজী পুকুরপাড় এলাকার একটি টিনশেড বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় বাসার দরজা ভেঙে ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে পচন ধরেছে এবং শরীর কিছুটা ফুলে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলি চৌধুরী ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি অবিবাহিত ছিলেন এবং একাই ওই টিনশেড বাসায় বসবাস করতেন। তার বাবা মারা গেছেন এবং মা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

কোতোয়ালি থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রাশেদুল ইসলাম জানান, শনিবার সকাল থেকে পলি চৌধুরীর সঙ্গে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ হয়নি। এতে সন্দেহ হলে রোববার সকালে স্বজনরা বাসায় এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করা হয়। এ সময় ঘরের মেঝেতে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাৎক্ষণিক ভাবে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে, মৃত্যুর কিছু সময় পরই তা শনাক্ত ও উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ আইনগত প্রক্রিয়া শুরু করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে।