আইডিআরএ’র বর্ধিত ফি নির্দেশনায় বিতর্ক

ঢাকা: চলতি ২০২৬ সালের জন্য বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি সংক্রান্ত সম্প্রতি জারি হওয়া নির্দেশনা নিয়ে বীমা খাতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) জানায়, সংশোধিত ‘বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা-২০১২’ অনুযায়ী কোম্পানিগুলোকে অতিরিক্ত ফি পরিশোধ করতে হবে। তবে খাত সংশ্লিষ্টরা এই সিদ্ধান্তকে অযৌক্তিক এবং আইনগতভাবে সমস্যা জনক হিসেবে দেখছেন, কারণ অধিকাংশ কোম্পানি ইতিমধ্যেই পূর্বনির্ধারিত হারে ফি জমা দিয়েছে।

বীমা বিশেষজ্ঞরা বলছেন, বীমা আইন, ২০১০ এবং আইডিআরএ আইন অনুসারে এই ধরনের অতিরিক্ত ফি আদায়ের কোনো স্বতন্ত্র ক্ষমতা কর্তৃপক্ষের হাতে নেই। ফলে আইডিআরএ’র সাম্প্রতিক নির্দেশনার আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।

সূত্রের বরাতে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে বিতর্কিত প্রতিষ্ঠান ‘দুয়ার সার্ভিস লিমিটেড’ সংক্রান্ত বিল পরিশোধে আপত্তি তোলার পর আইডিআরএ SMS সেবা বিনামূল্যে দেওয়ার যুক্তিতে নিবন্ধন নবায়ন ফি সর্বাধিক পাঁচগুণ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। অভিযোগ রয়েছে, সংশোধিত হারের ফি না দিলে কিছু কোম্পানির নিবন্ধন নবায়ন আটকে রাখার হুমকি দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো বীমা কোম্পানি ব্যবসা পরিচালনা করতে পারে না। প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে আগের বছরের নিবন্ধন নবায়নের আবেদন করতে হয়। ফি নির্ধারণ করা হয় সর্বশেষ হিসাব সমাপনী বছরে সংগৃহীত মোট গ্রস প্রিমিয়ামের ভিত্তিতে।

গত ৪ ফেব্রুয়ারি সরকার গেজেট প্রকাশ করে ‘বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা-২০১২’ সংশোধন করেন। এরপর ১৯ ফেব্রুয়ারি আইডিআরএ কোম্পানিগুলোকে বর্ধিত হারে ফি পরিশোধের নির্দেশ দেন।

সংশোধিত ফি হার (প্রতি ১,০০০ টাকা গ্রস প্রিমিয়ামে)

বছরনতুন হার (টাকা)পূর্বের হার (টাকা)
২০২৬–২০২৮২.৫০১.০০
২০২৯–২০৩১৪.০০১.০০
২০৩২–পরবর্তী৫.০০১.০০

খাত বিশেষজ্ঞরা মনে করেন, ২০২৫ সালের নভেম্বরে যে ফি পরিশোধ করা হয়েছে তা ২০২৪ সালের গ্রস প্রিমিয়ামের ভিত্তিতে নির্ধারিত। অতএব ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত ফি আদায় করলে হিসাব ও নিরীক্ষা প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হবে।

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)-এর সেক্রেটারি জেনারেল বিগ্রেডিয়ার জেনারেল মো. শফিক শামীম পিএসসি (অব.) বলেন, “২০২৬ সালের জন্য বর্ধিত ফি আদায়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। নতুন হার ২০২৭ সাল থেকে কার্যকর করলে কোম্পানিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে।”

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর সভাপতি এস এম নুরুজ্জামান বলেন, “২০২৫ সালের নভেম্বরে পরিশোধিত ফি ২০২৬ সালে বেড়ে দেওয়া যুক্তিসঙ্গত নয়। অন্তত চলতি নবায়নের ক্ষেত্রে পূর্বের হার বিবেচনা করা যেতে পারে।”

ফলে, এই নির্দেশনার প্রভাব ও কোম্পানিগুলোর প্রস্তুতির সক্ষমতা নিয়ে বীমা খাতে সমালোচনার স্রোত বৃদ্ধি পেয়েছে। প্রাসঙ্গিক সংস্থাগুলো এখন আইডিআরএ’র সিদ্ধান্ত পুনঃমূল্যায়নের আশায় রয়েছেন।