বীমা খাতে উৎকর্ষতায় আইডিআরএ অ্যাওয়ার্ড ২০২৫

বাংলাদেশের বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি গ্রাহকের আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত “IDRA Insurance Excellence Award 2025” প্রদান অনুষ্ঠান রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বীমা খাতের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা ও শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আদিবা আহমেদ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি. এম. ইউসুফ আলী।

অনুষ্ঠানের শুরুতে আইডিআরএ’র সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর “আইডিআরএ: ইতিবাচক পরিবর্তনের এক যাত্রা” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে বীমা খাতে আইডিআরএর নিয়ন্ত্রক ভূমিকা, সংস্কারমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ

বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা, সুশাসন, দাবি নিষ্পত্তি, ব্যবস্থাপনা দক্ষতা ও আর্থিক স্থিতিশীলতার মতো সূচক বিবেচনায় নিয়ে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে এ বছর সম্মাননা দেওয়া হয়। নন-লাইফ ও লাইফ—দুই ক্যাটাগরিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

ক্যাটাগরিঅবস্থানপ্রতিষ্ঠান
নন-লাইফ১মপ্রগতি ইন্স্যুরেন্স পিএলসি
নন-লাইফ২য়সাধারণ বীমা কর্পোরেশন
নন-লাইফ৩য়রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি
নন-লাইফ৪র্থগ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি
নন-লাইফযৌথ ৫মইস্টল্যান্ড, সেনা ও ইউনাইটেড ইন্স্যুরেন্স
লাইফ১মআমেরিকান লাইফ ইন্স্যুরেন্স (মেটলাইফ)
লাইফ২য়প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি
লাইফ৩য়ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
লাইফ৪র্থজীবন বীমা কর্পোরেশন
লাইফযৌথ ৫মন্যাশনাল লাইফ ও গার্ডিয়ান লাইফ

পুরস্কার গ্রহণকালে প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুর জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত একটি বিমান দুর্ঘটনায় মোট ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১,২০০ কোটি টাকা। এ ঘটনায় মাত্র ১৬ লাখ টাকা প্রিমিয়ামের বিপরীতে প্রতিষ্ঠানটি প্রায় ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ পরিশোধ করেছে, যা দায়িত্বশীল বীমা ব্যবস্থাপনার একটি দৃষ্টান্ত।

অন্যদিকে, মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলা উদ্দিন আহমদ বলেন, এই স্বীকৃতি প্রতিষ্ঠানটিকে আইনানুগতা, সলভেন্সি মার্জিন রক্ষা এবং টেকসই ব্যবসা সম্প্রসারণে আরও উৎসাহিত করবে।

বিশেষ অতিথির বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, আইডিআরএ বিগত বছরগুলোতে নীতিমালা প্রণয়ন, তদারকি জোরদার এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রশংসনীয় ভূমিকা রেখেছে। তিনি বীমা খাতের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং জানান, সামনে এ খাতে নতুন ডিজিটাল প্রকল্প গ্রহণ করা হবে।

আইডিআরএ চেয়ারম্যান ড. এম. আসলাম আলম তাঁর সভাপতির বক্তব্যে বলেন, বীমা খাতকে টেকসই উন্নয়নের পথে নিতে হলে প্রণীত আইন দ্রুত কার্যকর করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। তিনি জানান, ২০২২–২৩ ও ২০২৩–২৪ অর্থবছরের তথ্য-উপাত্তের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে এবং ভবিষ্যতেও প্রতিবছর এ ধরনের পুরস্কার প্রদান অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সুশাসিত বীমা খাত দেশের শিল্প, বাণিজ্য, এসএমই, কৃষি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করবে। আইডিআরএ আয়োজিত এই সম্মাননা উদ্যোগ বীমা খাতে উৎকর্ষতা ও গ্রাহকআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।