খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩০ই জুন ২০২৬, ৬:৫৭ পিএম

চলচ্চিত্র দুনিয়ায় মাঝেমধ্যেই এমন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটে, যা বড় বড় সিনেমা নির্মাতাদেরও চমকে দেয়। তেমনই এক চমকের নাম মনস্তাত্ত্বিক হরর ঘরানার চলচ্চিত্র ‘অবসেশন’। গত ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। অবিশ্বাস্য শোনালেও সত্যি যে, মাত্র ১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) বাজেটে নির্মিত এই ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৩৪৪ মিলিয়ন ডলারের (প্রায় ৪ হাজার কোটি টাকা) বেশি আয় করেছে। প্রেক্ষাগৃহে সাফল্যের ধারা বজায় রেখেই এবার ডিজিটাল দুনিয়ায় পা রাখল সিনেমাটি। আজ মঙ্গলবার থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে দর্শক ঘরে বসেই এটি উপভোগ করতে পারছেন।
প্রেক্ষাগৃহে মুক্তির সময় বিভিন্ন দেশের সেন্সর বোর্ডের নীতিমালার কারণে ছবির বেশ কিছু দৃশ্য ছেঁটে ফেলা হয়েছিল। তবে ওটিটি মুক্তির ক্ষেত্রে দর্শকদের জন্য থাকছে বড় চমক। পরিচালক জানিয়েছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমাটির ‘আনরেটেড’ বা uncut সংস্করণটি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ, প্রেক্ষাগৃহে বাদ পড়া সেই দৃশ্যগুলো এখানে আবার যুক্ত করা হয়েছে। ফলে দর্শকরা এবার আরও দীর্ঘ, মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং পূর্ণাঙ্গ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা পাবেন, যা প্রেক্ষাগৃহে সম্ভব ছিল না।
‘অবসেশন’ সিনেমার অভাবনীয় সাফল্যের পেছনে যার হাত রয়েছে, তিনি পরিচালক ক্যারি বারকার। অথচ এই সিনেমাটি মুক্তির আগে হলিউডের প্রথম সারির তো দূর, পরিচিত নির্মাতাদের তালিকাতেও তাঁর নাম ছিল না। ক্যারি বারকারের মূল পরিচিতি ছিল একজন ইউটিউবার এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে। এর আগে তিনি ‘দ্য চেয়ার’ নামের একটি হরর শর্টফিল্ম বানিয়েছিলেন। এছাড়া ‘মিল্ক অ্যান্ড সিরিয়াল’ নামের একটি ফাউন্ড-ফুটেজ ঘরানার ছবি নির্মাণ করে সেটি নিজের ইউটিউব চ্যানেলেই সম্পূর্ণ বিনামূল্যে দর্শকদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন।
বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সাহায্য ছাড়া, শুধু মেধা আর চমত্কার গল্প বলার শক্তির ওপর ভর করে ক্যারি বারকার আজ বিশ্বজুড়ে আলোচনায়। এই একটি সিনেমাই তাঁর পুরো ক্যারিয়ারের গতিপথ বদলে দিয়েছে এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য এক নতুন আশার আলো দেখিয়েছে।
সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে ‘বিয়ার’ নামের এক তরুণকে কেন্দ্র করে, যে পেশায় একটি মিউজিক স্টোরের একাকী কর্মচারী। একাকীত্বে ভোগা বিয়ার একসময় ‘নিকি’ নামের এক তরুণীর প্রেমে পড়ে। কিন্তু স্বাভাবিক উপায়ে নিকির ভালোবাসা পাওয়ার কোনো সম্ভাবনা না দেখে সে এক ভিন্ন পথ বেছে নেয়। বিয়ারের হাতে আসে একটি রহস্যময় অতিপ্রাকৃত খেলনা, যার রয়েছে মানুষকে বশ করার অদ্ভুত ক্ষমতা। সেই খেলনার সাহায্যে সে নিকিকে নিজের প্রতি আসক্ত করার চেষ্টা শুরু করে।
শুরুর দিকে সবকিছু বিয়ারের পরিকল্পনা অনুযায়ী চমৎকার মনে হলেও, ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিপ্রাকৃত শক্তির প্রভাবে নিকি নিজের আসল ব্যক্তিত্ব হারাতে শুরু করে। নিখাদ ভালোবাসার আকাঙ্ক্ষা অল্প সময়ের মধ্যেই রূপ নেয় এক ভয়াবহ মনস্তাত্ত্বিক দুঃস্বপ্নে। ভালোবাসা, অন্ধ আসক্তি এবং অপরকে নিয়ন্ত্রণ করার বিপজ্জনক মানসিকতাকে কেন্দ্র করেই এগিয়েছে এই ছবির গল্প।
এক নজরে ছবির কাস্ট ও ক্রু:
ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইন্দে নাভারেত্তি এবং মাইকেল জনস্টন। তাঁদের দুর্দান্ত অভিনয় এবং ক্যারি বারকারের টানটান পরিচালনা সিনেমাটিকে সাধারণ হরর ছবির চেয়ে আলাদা করে তুলেছে। কম বাজেটের সিনেমাও যে শুধু শক্তিশালী স্ক্রিপ্ট আর অভিনয়ের জোরে বিশ্ব কাঁপাতে পারে, ‘অবসেশন’ তারই এক জাজ্বল্যমান প্রমাণ।
মন্তব্য