২০২৫ সালে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য বা তাদের সম্পৃক্ততা রয়েছে—এমন মোট ৬৪৫টি ঘটনার তথ্য পেয়েছে বাংলাদেশ পুলিশ। এসব ঘটনার মধ্যে ৭১টিতে সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাকি ৫৭৪টি ঘটনা সাম্প্রদায়িক নয়, বরং সাধারণ অপরাধ, সামাজিক বিরোধ কিংবা ব্যক্তিগত শত্রুতাজনিত কারণে সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এই তথ্যগুলো এসেছে যাচাইকৃত ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর), জেনারেল ডায়েরি (জিডি), চার্জশিট এবং সারা দেশের চলমান তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে। জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫—পুরো এক বছরের পুলিশি নথি বিশ্লেষণের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার অপরাধ দমনে স্বচ্ছতা, নির্ভুলতা ও দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। তথ্যের সঠিক শ্রেণিবিন্যাস জনমনে বিভ্রান্তি রোধের পাশাপাশি কার্যকর আইনগত পদক্ষেপ গ্রহণে সহায়ক ভূমিকা রাখে।
সাম্প্রদায়িক উপাদান পাওয়া ৭১টি ঘটনা
পুলিশ জানায়, সাম্প্রদায়িক উপাদান রয়েছে এমন ৭১টি ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে ধর্মীয় উপাসনালয় ও প্রতিমা ভাঙচুর বা অবমাননার ঘটনা। এর পাশাপাশি অগ্নিসংযোগ, হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্টের মতো ঘটনাও রয়েছে।
| ঘটনার ধরন | সংখ্যা |
|---|---|
| মন্দির ভাঙচুর | ৩৮ |
| মন্দিরে অগ্নিসংযোগ | ৮ |
| মন্দিরে চুরি | ১ |
| হত্যাকাণ্ড | ১ |
| অন্যান্য (হুমকি, পোস্ট, আঙিনা ক্ষতি ইত্যাদি) | ২৩ |
| মোট | ৭১ |
এসব ঘটনায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে এবং ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ২১টি ক্ষেত্রে অন্যান্য পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাম্প্রদায়িক নয় এমন ৫৭৪টি ঘটনা
পুলিশের বিশ্লেষণে দেখা গেছে, সংখ্যালঘু সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই ধর্মীয় বিদ্বেষ থেকে নয়, বরং সামাজিক ও অপরাধমূলক বাস্তবতা থেকে উদ্ভূত।
| ঘটনার ধরন | সংখ্যা |
|---|---|
| প্রতিবেশী বিরোধ | ৫১ |
| জমি সংক্রান্ত বিরোধ | ২৩ |
| চুরি | ১০৬ |
| পূর্বশত্রুতা | ২৬ |
| অস্বাভাবিক মৃত্যু | ১৭২ |
| ধর্ষণ | ৫৮ |
| অন্যান্য অপরাধ | ১৩৮ |
| মোট | ৫৭৪ |
এই ঘটনাগুলোর ক্ষেত্রে ৩৯০টি মামলা, ১৫৪টি ইউডি মামলা এবং ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য পুলিশি ব্যবস্থার সংখ্যা ৩০টি।
প্রেক্ষাপট ও বার্তা
প্রেস উইং জানায়, জাতীয় পর্যায়ে বাংলাদেশ এখনো গুরুতর আইন-শৃঙ্খলা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। প্রতিবছর গড়ে প্রায় ৩,৫০০ জন মানুষ সহিংস অপরাধে প্রাণ হারান, যা উদ্বেগজনক। তবে এসব অপরাধ ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সমাজের সব স্তরকে প্রভাবিত করে।
বাংলাদেশ একটি বহুধর্মীয় রাষ্ট্র—যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। উপাসনালয়ের নিরাপত্তা, গুজব প্রতিরোধ, দ্রুত আইনগত ব্যবস্থা এবং সত্য–মিথ্যার পার্থক্য নির্ণয়—এসবই সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছে প্রেস উইং।
