নগদে চালু ডাক জীবনবিমা কিস্তি পরিশোধ সেবা

ডাক জীবনবিমার প্রিমিয়াম বা কিস্তি এখন থেকে মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করা যাবে। এ ব্যবস্থার ফলে গ্রাহকদের আর ডাকঘরে গিয়ে লাইনে দাঁড়িয়ে কিস্তি জমা দিতে হবে না। গত বুধবার বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ডাক ভবনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাক বিভাগের পক্ষে অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পূর্বাঞ্চল, ঢাকা) মোহা. আবদুল হান্নান এবং অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পশ্চিমাঞ্চল, রংপুর) প্রদীপ কুমার চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে ‘নগদ’-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম।

এই চুক্তির আওতায় ডাক জীবনবিমার সব ধরনের পলিসির কিস্তি পরিশোধ করা যাবে। এর মধ্যে রয়েছে আজীবন বিমা, মেয়াদি বিমা, নির্দিষ্ট মেয়াদের বিমা এবং বিবাহবিমা। ফলে বিমার আওতাভুক্ত সকল পলিসিধারীরা এখন ডিজিটাল মাধ্যমে সহজেই প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।

বর্তমানে ডাক জীবনবিমার আওতায় প্রায় দুই লাখ গ্রাহক রয়েছে। এতদিন এসব গ্রাহককে নির্দিষ্ট সময়ের মধ্যে ডাকঘরে উপস্থিত হয়ে কিস্তি পরিশোধ করতে হতো। নতুন এই ব্যবস্থার ফলে গ্রাহকেরা এখন যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।

নগদের মাধ্যমে কিস্তি পরিশোধের জন্য গ্রাহকদের ‘নগদ’ অ্যাপে প্রবেশ করে ‘বিল পে’ অপশন নির্বাচন করতে হবে। সেখানে ‘ডাক জীবনবিমা’ অথবা ‘PLI’ নির্বাচন করে পলিসি নম্বরসহ প্রয়োজনীয় তথ্য প্রদান করলে কিস্তি পরিশোধ সম্পন্ন করা যাবে। পেমেন্ট সফল হলে সঙ্গে সঙ্গে গ্রাহক একটি ডিজিটাল রসিদ ও নিশ্চিতকরণ বার্তা পাবেন, যা ভবিষ্যতে প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, নগদের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধের সুযোগ চালু হওয়ায় গ্রাহকেরা দ্রুত সেবা পাবেন এবং ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, এই সেবা চালুর ফলে গ্রাহকদের ভোগান্তি কমবে এবং সময় সাশ্রয় হবে। একই সঙ্গে ডিজিটাল মাধ্যমে সেবা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) এস এম হারুনুর রশীদ, অতিরিক্ত মহাপরিচালক (সরবরাহ ও পরিদর্শন) পারভীন বানু, অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) ও অতিরিক্ত দায়িত্ব (পরিকল্পনা) মো. জাকির হাসান নূরসহ ‘নগদ’-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে ডাক জীবনবিমার কিস্তি পরিশোধ ব্যবস্থায় ডিজিটাল সেবা যুক্ত হলো, যা গ্রাহকদের জন্য লেনদেন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে।