খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২২ই জুলাই ২০২৩, ১২:৩০ পিএম
এক দফা দাবির দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করবেন মির্জা ফখরুল। শনিবার দুপুর ২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যান এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি’ ঘোষণা করবেন। তবে কর্মসূচির ধরণ কেমন হবে এ বিষয়ে বিএনপির নেতারা বলেন, অপেক্ষা করুন এবং দেখুন।সূত্র জানায়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফার নতুন কর্মসূচিতে পদযাত্রার মতো বৃহৎ পরিসরে ঢাকার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশের মত কর্মসূচি আসতে পারে।
বিএনপির সিনিয়র এক নেতা জানান, ধাপে ধাপে আমরা লাগাতার এবং কঠোর কর্মসূচির দিকে যাবো। যুগপৎ আন্দোলনের শরিক দলের এক নেতা জানান, গণতন্ত্রের অভিযাত্রা এবং এক দফার সরকার পতনে নতুন নতুন কর্মসূচি আসবে। এর মধ্যে এক একদিন এক বিভাগ থেকে ঢাকামুখী পদযাত্রা বা লংমার্চ কর্মসূচি আসতে পারে। এখন থেকে প্রতিটি কর্মসূচি ঢাকামুখী হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম বলেন, আমাদের নেতা তারেক রহমানের নিদের্শনা মত এই কর্মসূচিগুলো একের পর এক আসতে থাকবে। কখনো এটা ঢাকার মধ্যে থাকবে আবার কখনো ঢাকার বাইরে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে যাবে। এভাবে এই কর্মসূচি আবার ঢাকায় ফিরে আসবে। তবে ধাপে ধাপে আন্দোলনের তীব্রতা বাড়ানো হবে।
মন্তব্য