খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৬ই জুলাই ২০২৬, ৮:৫০ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেট অঙ্গনে এক হৃদয়বিদারক ঘটনার খবর পাওয়া গেছে। জাতীয় দলের অলরাউন্ডার ইশমা তানজিম নারী ইমার্জিং দলের ক্যাম্প থেকে বাদ পড়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নারী ইমার্জিং দলের ক্যাম্প চলছিল। প্রথম ধাপে ২৭ জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলেও দ্বিতীয় ধাপের ২১ জনের চূড়ান্ত তালিকায় জায়গা হারান ইশমা। এই বাদ পড়াকে কেন্দ্র করেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে দাবি করেছেন।
২৯ বছর বয়সী এই অলরাউন্ডার জানান, তাকে ফিটনেস সমস্যার কারণে বাদ দেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে তার দাবি, গোড়ালির পুরোনো ইনজুরি থাকলেও তিনি পুরোপুরি খেলার জন্য ফিট ছিলেন। দীর্ঘদিন ধরে দলে নানা ধরনের বৈষম্যমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
ইশমা বলেন, তাকে দেওয়া ব্যাখ্যায় বলা হয় ইনজুরির কারণে তিনি পরবর্তী ক্যাম্পের জন্য উপযুক্ত নন। কিন্তু তিনি মনে করেন, এটি সঠিক মূল্যায়ন ছিল না। তার ভাষায়, “আমি ক্রিকেটকে ভালোবেসে খেলি, কখনো অর্থ বা সুযোগকে বড় করে দেখিনি। কিন্তু বারবার এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে, যা মেনে নেওয়া কঠিন হয়ে উঠেছিল।”
ঘটনার পর গত শুক্রবার আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা শেষে রোববার রাতে বাসায় ফিরেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি কিছুটা সুস্থ হলেও শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি স্বাভাবিক হননি।
এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে বিস্তারিত অবগত নন বলে জানিয়েছেন। তবে বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত ফিটনেস ইস্যুর কারণেই ক্যাম্পে জায়গা হয়নি ইশমার।
ইশমা তানজিম বাংলাদেশের হয়ে তিনটি ওয়ানডে এবং চারটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। জাতীয় দলে সুযোগ পাওয়া এই ক্রিকেটারের এমন পরিণতি নারী ক্রিকেট অঙ্গনে মানসিক স্বাস্থ্য ও খেলোয়াড়দের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
মন্তব্য