পেন্টাগনের সিস্টেমে চীনা সহায়তা বন্ধ করল মাইক্রোসফট

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) ক্লাউড সেবায় চীনা কর্মীদের কারিগরি সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। বিষয়টি সামনে আসার পর শুক্রবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে অনুসন্ধানী সংবাদমাধ্যম প্রো-পাবলিকা একটি প্রতিবেদনে জানায়, মাইক্রোসফট পেন্টাগনের ক্লাউড সেবা রক্ষণাবেক্ষণের কাজে চীনা প্রকৌশলীদের যুক্ত করেছে। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কর্মীদের নজরদারি কম ছিল এবং অনেক সময় পর্যাপ্ত দক্ষতাও অনুপস্থিত ছিল।

মাইক্রোসফটের প্রধান যোগাযোগ কর্মকর্তা ফ্রাঙ্ক শ ‘এক্স’(সাবেক টুইটার) -এ দেওয়া এক পোস্টে জানান, “মার্কিন সরকারি গ্রাহকদের প্রযুক্তিগত সহায়তার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কোনো চীনা প্রকৌশল দল পেন্টাগনের ক্লাউড বা সংশ্লিষ্ট সেবায় আর সহায়তা দিতে পারবে না।”

পেন্টাগনের প্রধান পিট হেগসেথও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “চীনা শ্রম ব্যবহার করে প্রতিরক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সেবা দেওয়া বর্তমান নিরাপত্তা পরিবেশে একেবারেই অগ্রহণযোগ্য।”

তিনি আরও জানান, তার নির্দেশে একটি দ্রুত পর্যালোচনা শুরু হবে, যা দুই সপ্তাহের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে খতিয়ে দেখা হবে, এ ধরনের ত্রুটি অন্য কোথাও রয়েছে কি না।

এই প্রসঙ্গে মার্কিন সিনেটর টম কটনও উদ্বেগ প্রকাশ করেছেন এবং বৃহস্পতিবার পেন্টাগনের প্রতি বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান।

শুক্রবার সন্ধ্যায় ‘এক্স’-এ পোস্ট করা একটি ভিডিওতে হেগসেথ বলেন, “আমরা আমাদের সামরিক অবকাঠামো ও সাইবার নেটওয়ার্কে যেকোনো ধরনের হুমকি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতায় থাকব।”

তিনি সাংবাদিক এবং অনুসন্ধানী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, “তাদের তথ্যই আমাদের ব্যবস্থা নিতে সাহায্য করেছে।”