ভারতের মুম্বাইয়ে আগাম বর্ষার বৃষ্টি, শহরজুড়ে জলাবদ্ধতা

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সোমবার মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়েছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দুই সপ্তাহ আগে এসেছে। প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

মুম্বাই থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাধারণত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে মহারাষ্ট্রে বর্ষা শুরু হয় জুনের প্রথম সপ্তাহে। এই বৃষ্টি কৃষকদের জন্য আশীর্বাদ হলেও, শহরাঞ্চলে প্রতিবছরই এটি পরিবহন ব্যবস্থা এবং জনজীবনে বিপর্যয় ঘটায়।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের মুম্বাই শাখার প্রধান শুভাঙ্গী ভূঁটে জানিয়েছেন, “২০১১ সাল থেকে যে রেকর্ড রাখা হচ্ছে, তার মধ্যে এবারই সবচেয়ে আগে মহারাষ্ট্রে বর্ষা শুরু হলো। গত ১৪ বছরে এমন আগাম বর্ষা আর দেখা যায়নি।”

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ায় ক্রমেই তাপমাত্রা বাড়ছে এবং বিগত কয়েক বছরে আবহাওয়ার স্বাভাবিক ছকে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে বৈশ্বিক উষ্ণতা এই মৌসুমী বৃষ্টির গতিপথ ও ধরনে কীভাবে প্রভাব ফেলছে, সে বিষয়ে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাননি।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু হলো বিশাল সামুদ্রিক বাতাস, যা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ এশিয়ায় মোট বার্ষিক বৃষ্টিপাতের প্রায় ৭০-৮০ শতাংশ সরবরাহ করে। গ্রীষ্মের প্রচণ্ড তাপে উপমহাদেশের স্থলভাগ উত্তপ্ত হলে, সেই উত্তপ্ত বায়ু ওপরের দিকে উঠে এবং ভারত মহাসাগর থেকে শীতল, আর্দ্র বায়ু টেনে আনে। ফলে প্রবল বৃষ্টিপাত হয়।

এই বর্ষা ভারতের কৃষি, কোটি মানুষের জীবিকা এবং খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রতিবছর বর্ষা প্রবল বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণও হয়।

ভারতে সাধারণত ১ জুন দক্ষিণাঞ্চলীয় কেরালায় বর্ষা প্রবেশ করে এবং এরপর ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ে। মহারাষ্ট্রে সাধারণত এই বর্ষা আসে ৭ জুনের দিকে। তবে এবারে প্রায় দুই সপ্তাহ আগেই শুরু হয়ে রেকর্ড সৃষ্টি করলো।