বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার সরকারের বর্বরোচিত পরিকল্পনার অংশ: মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর বলেন, সরকার বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, গুলিবর্ষণ, লাঠিচার্জ ও গ্রেপ্তারের মাধ্যমে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে তা সরকারের বর্বরতম পরিকল্পনারই অংশ। মঙ্গলবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ কোনো আধুনিক রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসীদের আখড়া। এরা সবসময় রক্ততৃষ্ণায় কাতর থাকে। এই দলটি দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনিতে ভরিয়ে দিতে চাচ্ছে। এই দলটির পরতে পরতে জড়িয়ে আছে মানবাত্মার অবমাননার বিভিন্ন দিক।
বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার সরকারের বর্বরোচিত পরিকল্পনার অংশ: মির্জা ফখরুল
মির্জা ফখরুল অভিযোগ করে আরো বলেন, গত শনিবার রাজবাড়ী জেলা বিএনপির সমাবেশে অংশগ্রহণের পূর্বে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে আওয়ামী ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশের সামনেই হামলা চালায়। পুলিশ দিনভর আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে গুলিবর্ষণ ও লাঠিচার্জ করে। পরবর্তীতে সভাস্থলে যাওয়ার সময় পুলিশ নেতাকর্মীদের ওপর টিয়ারগ্যাস ও গুলিবর্ষণ ছাড়াও বেপরোয়া লাঠিচার্জ করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরে ১৭ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পরে মহিলা দল নেত্রী ও রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি-কে ১ নং আসামি করে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, জেলা যুবদল সভাপতি খায়রুল আনাম বকুল, যুবদল নেতা নেকবর হোসেন মনি, কাউসার আহমেদ, জেলা ছাত্রদল নেতা নুরুল ইসলাম ও ইদ্রিস আলী শেখসহ ৪১ জনকে আসামি এবং অজ্ঞাত ১২০ জনকে আসামি করে মিথ্যা মামলা করা হয়। ওই ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, দেশে ন্যায়বিচার মহাশূন্যে বিলীন হয়ে গেছে। বিচারহীনতার কারণেই সন্ত্রাসীরা বেআইনী কাজ করতে উৎসাহিত হচ্ছে। এরা ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দূরে থাকুক বরং ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে জনগণের ওপর রক্তাক্ত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাচ্ছে।বিএনপি মহাসচিব বলেন, আমি এই বর্বরোচিত হামলার ঘটনায় জড়িত দুস্কৃতিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানসহ গ্রেপ্তার নেতাকর্মীদের দ্রুত নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।