সিআইএ থেকে ১,২০০ কর্মী কমানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) থেকে প্রায় ১,২০০ জন কর্মী কমানোর পরিকল্পনা করছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

এএফপি জানায়, শুধু সিআইএ নয়, অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো থেকেও বড় পরিসরে কর্মী কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, এই পরিকল্পনা নিয়ে আইনপ্রণেতাদের আগেই অবহিত করা হয়েছে। তবে এটি একবারে নয়, কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মূলত নতুন নিয়োগ সীমিত করে পদ সংখ্যা কমানো হবে, সরাসরি ছাঁটাই নয়।

এ বিষয়ে সিআইএর একজন মুখপাত্র স্পষ্ট কোনো সংখ্যা জানাতে অস্বীকৃতি জানালেও জানিয়েছেন, সিআইএর পরিচালক জন র‌্যাটক্লিফ জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার রক্ষায় এজেন্সিকে আরও দক্ষ ও কার্যকর করে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছেন।

মুখপাত্র আরও বলেন, ‘এই পদক্ষেপের মাধ্যমে সিআইএকে নতুনভাবে সংগঠিত করা হবে, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে এবং সংস্থাটির লক্ষ্য অর্জনে শক্ত অবস্থান তৈরি হবে।’

ট্রাম্পের মনোনীত র‌্যাটক্লিফ চলতি বছরের জানুয়ারিতে সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর নেতৃত্বে সংস্থাটি বস্তুনিষ্ঠ এবং পক্ষপাতহীন গোয়েন্দা বিশ্লেষণ করবে। পাশাপাশি বিশ্বের যে কোনো দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় মানব গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রেসিডেন্টের নির্দেশে গোপন অভিযান পরিচালনা করবে।