মলদোভা সফরে যাচ্ছেন ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা

ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের শীর্ষ নেতারা আজ বুধবার মলদোভা সফরে যাচ্ছেন দেশটির প্রতি রাজনৈতিক সমর্থন জানাতে। ইউক্রেন সীমান্তবর্তী ইউরোপীয় ইউনিয়নপন্থী এই রাষ্ট্রে আগামী মাসে জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার একদিন আগে এবং রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের মধ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি চিসিনাউ থেকে জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস এবং পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক আজ মলদোভার ৩৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট মাইয়া সান্ডুর সঙ্গে বৈঠক করবেন। মলদোভা বর্তমানে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

মলদোভার প্রেসিডেন্টের দফতর এক বিবৃতিতে বলেছে: “এই সফর ইউরোপীয় নেতাদের মলদোভার প্রতি স্পষ্ট সমর্থনের প্রকাশ। গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে রেখে রাশিয়া তাদের হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে।”

প্রেসিডেন্ট সান্ডু ও তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে বারবার অভিযোগ করেছেন যে, মস্কো সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র মলদোভাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সান্ডুর অবস্থান
  • সান্ডু দীর্ঘদিন ধরেই রাশিয়ার কঠোর সমালোচক।
  • বিশেষ করে ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে তিনি মস্কোর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে আসছেন।

 

আজ বিকেলে প্রেসিডেন্ট সান্ডুর সঙ্গে যৌথভাবে একটি প্রেস বিবৃতি দেবেন ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের এই তিন নেতা।
রাতে তারা নৈশভোজে অংশ নেবেন।
পরে, চিসিনাউয়ের স্বাধীনতা স্কোয়ারে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে বক্তৃতা রাখবেন। সন্ধ্যায় এ উপলক্ষে একটি কনসার্টেরও আয়োজন করা হয়েছে।