ইরাকে সাদ্দাম হোসেনের মেয়েকে ৭ বছরের কারাদণ্ড। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়ে নির্বাসনে থাকা রাঘাদ হোসেনকে তার অনুপস্থিতিতেই রোববার সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাথ পার্টির পক্ষে কথা বলায় এবং প্রচার চালানোর দায়ে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইরাকে সাদ্দাম হোসেনের মেয়েকে ৭ বছরের কারাদণ্ড
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাক দখল করার পরই সাদ্দাম হোসেনের বাথ পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে এক টেলিভিশন সাক্ষাৎকারে রাঘাদ হোসেন নিষিদ্ধ ঘোষিত বাথ পার্টির প্রচারণা চালান। বর্তমান ইরাকে কেউ যদি নিষিদ্ধ ঘোষিত কোনো দলের প্রচারণা চালায় তাকেই আইনের আওতায় আনা হয়।

ঠিক কোন সাক্ষাৎকারের কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তা রায়ে উল্লেখ করা হয়নি। কিন্তু ২০২১ সালে রাঘাদ সাদ্দাম হোসেন সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া চ্যানেলে ১৯৭৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তার বাবার শাসনামলে ইরাকের পরিস্থিতি সম্পর্কে কথা বলেছিলেন।
সৌদি এই চ্যানেলকে সেসময় তিনি বলেন, ‘অনেকে আমাকে বলেছে- (সাদ্দাম হোসেনের শাসনামল) আমাদের জন্য সত্যিই গৌরবের, গর্বের সময় ছিল। অবশ্যই, সেসময় ইরাক স্থিতিশীল এবং অনেক সমৃদ্ধ দেশ ছিল।’ এএফপি বলছে,রাঘাদ সাদ্দাম হোসেন তার বোন রানার সঙ্গে জর্ডানে থাকেন। তাদের ভাই উদয় এবং কুসে ২০০৩ সালে মসুলে মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হয়।

ইরাকিদের অনেকেই এখনও সাদ্দাম হোসেনের শাসনামলকে দেশের জন্য নির্মম দমন-পীড়নের সময় হিসেবে দেখে থাকেন।