খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৮ই জুন ২০২৬, ৮:৫২ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে লর্ডসের ঐতিহাসিক মাঠে শেষ ওভারের নাটকীয়তায় দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিং আর দুর্দান্ত ফিল্ডিংয়ে ম্যাচটি শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি টাইগ্রেসদের। জয়ের জন্য শেষ ৬ বলে প্রটিয়াদের প্রয়োজন ছিল মাত্র ৫ রান। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বল তুলে দেন দলের অন্যতম সেরা বোলার মারুফা আক্তারের হাতে। ৫ রান ডিফেন্ড করা প্রায় অসম্ভব হলেও মারুফার সামর্থ্যের ওপর ভরসা রেখেছিল দল। তবে ওভারের প্রথম বলেই বাউন্ডারি মেরে চাপ কমিয়ে দেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার চার্লি ট্রায়ন। পরের বলেই সিঙ্গেল নিয়ে ১৯ ওভার ২ বলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।
এর আগে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের প্রথম বলেই চরম বিপর্যয়ে পড়ে দল। মারিজায়ানা কাপের করা একটি দুর্দান্ত ইনসুইঙ্গিং ইয়র্কারে লাইন মিস করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। আরেক ওপেনার তাজনেহারও উইকেটে থিতু হতে পারেননি, মাত্র ১ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। শুরুতে দুই ওপেনারকে হারিয়ে দল যখন কাঁপছিল, তখন হাল ধরেন সুবহানা মোস্তারি ও শারমিন আক্তার।
পিচ ব্যাটিংয়ের জন্য কিছুটা কঠিন হওয়ায় দুজনই বেশ ধীরগতিতে রান তুলতে থাকেন। পাওয়ার প্লের সুবিধা সেভাবে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শারমিন আক্তার ২৯ বলে ২২ রান করে মিডল ওভারে রান রেট বাড়াতে গিয়ে আউট হন। তবে এক প্রান্ত আগলে রেখে দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন সুবহানা মোস্তারি। এই রান করতে তিনি খেলেন ৪৮টি বল। শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরেন। তিনি উইকেটে আসার পর রানের গতি কিছুটা বাড়ে। জ্যোতির ২০ বলে খেলা লড়াকু ৩২ রানের ওপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৭ রানের পুঁজি পায় বাংলাদেশ।
১১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকাকে প্রথম বলেই কাঁপিয়ে দিয়েছিলেন মারুফা আক্তার। প্রটিয়া ওপেনার তথা দলের অন্যতম সেরা ব্যাটার লরা উলভার্টকে বোল্ড করে দুর্দান্ত এক সূচনা এনে দেন তিনি। এই শুরুর পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার আপ্রাণ চেষ্টা করেন বাংলাদেশের বোলাররা। দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস ও আনেরিন ড্রেকসন উইকেটে থিতু হলেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত লাইনে হাত খুলে খেলতে পারছিলেন না। ব্রিটস ২৪ বলে ২০ রান করে আউট হন। তবে অন্য প্রান্ত আগলে রেখে দলের জয় সহজ করেন আনেরিন ড্রেকসন। তিনি ৪৫ বলে ৪৫ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন।
শেষ দিকে রান ও বলের ব্যবধান কমে এলে ম্যাচের উত্তেজনা চরমে পৌঁছায়। তবে নাদান ডে ক্লার্ক ও চার্লি ট্রায়ন অত্যন্ত ঠাণ্ডা মাথায় খেলে দলের জয় নিশ্চিত করেন। ডে ক্লার্ক ১৪ বলে ১৫ রান করে আউট হলেও ট্রায়ন ৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাহিদা আক্তার, তিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এ ছাড়া রিতু মণি, মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা একটি করে উইকেট পেলেও দলের হার এড়াতে তা যথেষ্ট ছিল না। জয়ের খুব কাছে গিয়েও আরও একটি ক্লোজ ম্যাচে হারের হতাশায় ডুবতে হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে।
মন্তব্য