জিলাইভ [ GLive ] | truth alone triumphs

বাংলাদেশে বিনিয়োগের খোঁজে ভারতের ১৮ সদস্যের প্রতিনিধিদল

বাংলাদেশে নতুন করে বাণিজ্য ও বিনিয়োগের বড় সুযোগ খতিয়ে দেখতে দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসছে ভারতের শীর্ষ ১৪টি শিল্পগোষ্ঠীর ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল। সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঢাকায় পৌঁছাবে দলটি। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পর ভারত থেকে বাংলাদেশে আসা এটিই প্রথম কোনো উচ্চপর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধিদল। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা টানাপোড়েনের আবহ তৈরিতে বাণিজ্যিক সম্পর্ক ফের চাঙ্গা করতে সফরটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে হাই-প্রোফাইল যৌথ বৈঠকে অংশ নেবে ভারতীয় দল। এসব বৈঠকে সীমান্ত বাণিজ্য সহজীকরণ, স্থল ও সমুদ্রবন্দরের জটিলতা নিরসন এবং শিল্প খাতে নতুন যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সবিস্তারে আলোচনা হবে।

দিনব্যাপী সফরসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর নেতাদের সঙ্গে এক মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নেবে। পরবর্তীতে বাংলাদেশে বিদেশি মূলধন ও বিনিয়োগ আকর্ষণে কাজ করা সংস্থা ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’ (বিডা)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাদের মতবিনিময় সভা নির্ধারিত রয়েছে। সফর শেষে বুধবার সকালে ঢাকা ত্যাগের পূর্বে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রতিনিধিদলটির সৌজন্য সাক্ষাতের জোরালো সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার প্রায় ১২ বিলিয়ন ডলার। তবে এই বিশাল অঙ্কের ব্যবসায় ভারতের পাল্লাই ভারী; ১২ বিলিয়ন ডলারের মোট বাণিজ্যে বাংলাদেশ ভারতে মাত্র ২ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করতে পারে। বাকি ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য ভারত থেকে আমদানিনির্ভর। সম্প্রতি বন্দর ব্যবহারের কিছু নতুন বিধিনিষেধ ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বাড়তি বাধা তৈরি হয়েছে।

প্রতিনিধিদলটির নেতৃত্বে দিচ্ছেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি। সফরকারী দলে অটোমোবাইল, স্বাস্থ্যসেবা, টেক্সটাইল, ভারী প্রকৌশল ও কনজ্যুমার প্রোডাক্টস খাতের বিশ্বখ্যাত সব প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। তাদের মধ্যে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, মাহিন্দ্রা গ্রুপ, ভারত বায়োটেক, অরবিন্দ লিমিটেড, ফোর্বস মার্শাল, অ্যাপোলো হসপিটালস এবং গোদরেজ কনজ্যুমার প্রোডাক্টসের শীর্ষ নির্বাহীরা সরাসরি অংশ নিচ্ছেন। দক্ষিণ এশিয়ার এ দুই দেশের অর্থনৈতিক অচলাবস্থা কাটিয়ে সুসম্পর্ক পুনরুদ্ধারে এ বৈঠকগুলো বড় ইতিবাচক বার্তা বহন করবে।

Tags :

বাংলা ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর