কোনো দেশের মন্ত্রী যদি মানুষ নয়, বরং একটি ভার্চুয়াল হলোগ্রাম বা এআই বট হয়—শুনতে সায়েন্স ফিকশনের গল্প মনে হলেও বাস্তবে এমন ঘটনা ঘটেছে ইউরোপের ছোট্ট দেশ আলবেনিয়ায়।
প্রধানমন্ত্রী এদি রামা তাঁর নতুন মন্ত্রিসভায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–ভিত্তিক একটি বটকে যুক্ত করেছেন। বটটির নাম রাখা হয়েছে ডিয়েলা, যা আলবেনীয় ভাষায় “সূর্যের নারী রূপ” বোঝায়। ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ডিয়েলাকে পরিচয় করানো হয়।
তবে আলবেনিয়ার সংবিধান অনুযায়ী, কোনো মন্ত্রীকে অবশ্যই কমপক্ষে ১৮ বছর বয়সী ও মানসিকভাবে সুস্থ নাগরিক হতে হবে। তাই ডিয়েলা কার্যত মন্ত্রী হতে পারে না; এটি মূলত প্রতীকী নিয়োগ।
প্রধানমন্ত্রী রামার দাবি, এআই বটের কোনো ব্যক্তিগত লোভ–লালসা নেই, মানুষের মতো অর্থ বা ক্ষমতার প্রতি আকর্ষণ নেই। কেবল বিদ্যুৎ ব্যবহার করে চলা কারণে ডিয়েলা দুর্নীতিতে জড়ানোর সম্ভাবনা প্রায় নেই।
মূল লক্ষ্য হলো সরকারি কেনাকাটা ও টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা। এ জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের সঙ্গে কাজ করে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ AI মডেল তৈরি করা হচ্ছে, যা আলবেনিয়ার সরকারি লেনদেনকে আরও স্বচ্ছ ও কার্যকর করবে।
মন্ত্রী হওয়ার আগেও ডিয়েলা দেশটির নাগরিক সেবায় সক্রিয় ছিল। ভার্চুয়াল সহকারী হিসেবে সে সরকারি কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করত এবং ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে ১০ লাখের বেশি আবেদনপত্র প্রসেস করেছে।
এই উদ্যোগে দেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকরা বলছেন, এটি “অসাংবিধানিক ও হাস্যকর”, কেউ কেউ মনে করছেন এটি প্রধানমন্ত্রী রামার লোকদেখানো কৌশল।
তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, যদি ডিয়েলা সত্যিই সরকারি কাজে স্বচ্ছতা ও গতি আনতে পারে, তবে এটি আলবেনিয়ার জন্য বড় ইতিবাচক পরিবর্তন হবে। প্রধানমন্ত্রী আশাবাদী, এই উদ্যোগ ২০২৭ সালের মধ্যে আলবেনিয়াকে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে সহায়তা করবে।
সূত্র: রয়টার্স, বিবিসি, এনবিসি নিউজ
