জিলাইভ [ GLive ] | truth alone triumphs

বড় সাইবার হামলার শিকার অস্ট্রেলিয়ার কোয়ান্টাস এয়ারলাইন্স

অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ান্টাস বুধবার জানিয়েছে, তারা বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে।

হ্যাকাররা সংস্থার গ্রাহক যোগাযোগ ব্যবস্থায় প্রবেশ করে প্রায় ৬০ লাখ গ্রাহকের সংবেদনশীল তথ্য চুরি করেছে। এসব তথ্যের মধ্যে ছিল নাম, ইমেইল, ফোন নম্বর এবং জন্মদিন।

কোয়ান্টাস এক বিবৃতিতে জানায়, এই হামলা তৃতীয় পক্ষের ব্যবহৃত একটি কম্পিউটার সিস্টেমের মাধ্যমে হয়েছে। তবে ক্রেডিট কার্ড ও পাসপোর্ট নম্বর সিস্টেমে রাখা হয়নি বলে আশ্বস্ত করেছে তারা।

প্রধান নির্বাহী ভেনেসা হাডসন বলেন, ‘আমরা আমাদের গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আমাদের অগ্রাধিকার। এ ঘটনায় জাতীয় সাইবার নিরাপত্তা সমন্বয়কারীকে জানানো হয়েছে।’

এএফপির খবরে বলা হয়, বর্তমানে এ হামলার তদন্ত চলছে এবং চুরি হওয়া তথ্যের পরিমাণ নির্ধারণের চেষ্টা করছে কোয়ান্টাস।

এর আগেও, ২০২৪ সালে মোবাইল অ্যাপের ত্রুটির কারণে কিছু যাত্রীর ব্যক্তিগত তথ্য প্রকাশ পেয়েছিল।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় একের পর এক সাইবার হামলা ঘটে চলেছে। ২০২৩ সালে বন্দরের অপারেটর ডিপি ওয়ার্ল্ড-এর সিস্টেম হ্যাক হওয়ায় দেশের ৪০ শতাংশ পণ্য পরিবহন সাময়িকভাবে বন্ধ ছিল।

তারও আগে, ২০২২ সালে রাশিয়া-ভিত্তিক হ্যাকাররা দেশটির বৃহত্তম স্বাস্থ্য বীমা কোম্পানি থেকে প্রায় ৯০ লাখ গ্রাহকের তথ্য এবং টেলিকম কোম্পানি অপটাস-এর ৯৮ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করে।

এসব ঘটনায় অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

Recent News