খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৬ই জুলাই ২০২৬, ১০:২৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিরোধ্যপূর্ণ জমিতে রোপা আমন বা বোরো ধান রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের চড়ইল বিল এলাকায় এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চড়ইল বিল এলাকার প্রায় ৭০ বিঘা জমির মালিকানা ও চাষাবাদ নিয়ে দীর্ঘদিন ধরে বাঙ্গাবাড়ী ও আলীনগর ইউনিয়নের স্থানীয় কৃষকদের মধ্যে বিরোধ চলছিল। রোববার সকালে এক পক্ষ ওই বিরোধপূর্ণ জমিতে ধান রোপণ করতে গেলে অপর পক্ষ তাতে সরাসরি বাধা দেয়।
শুরুতে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনার পারদ চড়লে উভয় পক্ষই হাঁসুয়া, লাঠি ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রণক্ষেত্রে রূপ নেওয়া ওই ঘটনায় নারীসহ ১৮ জন রক্তাত্মক জখম হন।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন—ফজলুর রহমান (৫৫), কামরুজ্জামান (৭০), তাজামুল হক জেম (৫৫), বজলুর রহমান (৬০), আব্দুল লতিফ (৬৫), দেল সাদ (৫০), আব্দুর রহিম (৪৭), জামিলা বেগম (৫০), জাহিনা বেগম (৫৫), খতিজা (৫৫), মনিরুল ইসলাম (৫৫), বজলুর রহমান (৬২), মাহাদি হোসেন (২৩), ওয়াসিম বাবু (২০), রফিকুল ইসলাম (৩৮), তাইজুদ্দিন (৬৬), সাইফুল (৫৬) এবং শহিদুল (৪২)।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীনদের মধ্যে ফজলুর রহমান, কামরুজ্জামান, তাজামুল হক, বজলুর রহমান, আব্দুল লতিফ ও দেল সাদ—এই ৬ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনাস্থলে শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল জানান, জমিও জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের কারণেই এই রক্তক্ষয়ী সংঘর্ষ। খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, চড়ইল বিলের পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। তবে এ ঘটনায় রোববার বিকেল পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য