ইউক্রেন ‘প্রতিরোধ’ বাহিনীতে অংশ নেবে না আয়ারল্যান্ড: প্রধানমন্ত্রী

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন ঘোষণা দিয়েছেন যে, তার দেশ ইউক্রেনের ‘প্রতিরোধ’ বাহিনীতে কোনো সৈন্য পাঠাবে না। তবে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের বিষয়ে আয়ারল্যান্ড উন্মুক্ত রয়েছে বলে তিনি জানিয়েছেন। এ তথ্য লন্ডন থেকে এএফপি নিশ্চিত করেছে।

 

ইউক্রেন ‘প্রতিরোধ’ বাহিনীতে অংশ নেবে না আয়ারল্যান্ড: প্রধানমন্ত্রী

 

বুধবার লিভারপুলে আয়োজিত আইরিশ-ব্রিটিশ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্টিন বলেন, “যদি যুদ্ধবিরতি হয় বা শত্রুতা বন্ধ হয়, তাহলে আয়ারল্যান্ড সবসময় শান্তিরক্ষার জন্য প্রস্তুত থাকবে। তবে আমরা কোনো প্রতিরোধ বাহিনীর অংশ হব না।”

তিনি জোর দিয়ে বলেন, “এটি দুটি ভিন্ন এবং স্বতন্ত্র বিষয়।”

ফ্রান্স ও যুক্তরাজ্য জানিয়েছে, তারা মার্কিন সমর্থনে ইউক্রেনে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে, যা যুদ্ধবিরতি নিশ্চিত রাখতে সহায়ক হবে। তবে এই সৈন্যদের সুনির্দিষ্ট ভূমিকা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

গত বৃহস্পতিবার আয়ারল্যান্ডে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর মার্টিন বলেন, তার দেশ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের প্রস্তাব দিয়েছে।

যদিও আয়ারল্যান্ড ন্যাটোর সদস্য নয়, দেশটির সেনাবাহিনীর প্রায় ৮,৫০০ সদস্য বিভিন্ন আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়েছে। তবে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে আইরিশ সরকার “ট্রিপল লক” নামে পরিচিত ব্যবস্থাকে বাতিল করার পরিকল্পনা করছে। এই নিয়ম অনুসারে, আয়ারল্যান্ডের সামরিক বাহিনীকে বিদেশে মোতায়েন করতে হলে জাতিসংঘের অনুমোদন প্রয়োজন।

তবে এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে সংবেদনশীল, কারণ বিরোধী দলগুলো ‘ট্রিপল লক’কে আইরিশ নিরপেক্ষতার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করে।