,

পেনশনারদের ১০ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি

৫০ শতাংশ পেনশন সমর্পণকারী পেনশনারদের ন্যায্য অধিকার আদায় এবং ১০ দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে ৫০ শতাংশ পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতি। সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি দাবি আদায়ের আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সদস্য সংগ্রহ, সদস্য কার্ড বিতরণ, তহবিল গঠনসহ একাধিক কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ঢাকার মিরপুরে সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির আহ্বায়ক ড. রুহুল আমীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সদস্য সচিব প্রকৌশলী এমএইচ রশিদ, যুগ্ম আহ্বায়ক লে. কমান্ডার মনিরুল ইসলাম ও শাহীন কামাল, নীতি নির্ধারণী পরিষদের সদস্য মর্জিনা খাতুন, ঢাকা বিভাগীয় আহ্বায়ক খোন্দকার আবিদ আহম্মেদ, অধ্যাপক জাফর আলম, এ.কে.এম. মোতালেব হোসেন, মো. হাফিজুর রহমান, মো. আরজু মিয়া, মো. আবদুর রাজ্জাক, মো. জাহিদুর রহমান ও মো. আনোয়ার হোসেন ভূইয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সভায় মূলত অবশিষ্ট ৫০ শতাংশ আনুতোষিক ফেরত পাওয়ার দাবিসহ সমিতির ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হয়। দীর্ঘদিন ধরে দাবিগুলো নিয়ে কাজ করা সংগঠনটি এবার সাংগঠনিক সক্ষমতা বাড়িয়ে আরও ধারাবাহিকভাবে কর্মসূচি পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছে।

এ জন্য সদস্য সংগ্রহ অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সদস্যদের পরিচয় ও সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করতে সদস্য কার্ড বিতরণ করা হবে। সংগঠনের নিবন্ধনের জন্য নাম সংশোধনের বিষয়েও সভায় আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি তহবিল গঠনের বিষয়েও সম্মতি দেওয়া হয়েছে।

সভায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে শাহীন কামালকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটিতে খোন্দকার আবিদ আহম্মেদকে আহ্বায়ক, এ.কে.এম. মোতালেব হোসেন ও মো. হাফিজুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আরজু মিয়াকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া ঢাকা দক্ষিণ আহ্বায়ক কমিটিতে মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক এবং মো. আনোয়ার হোসেন ভূইয়াকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা উত্তর আহ্বায়ক কমিটিতে মো. আবদুর রাজ্জাককে আহ্বায়ক এবং মো. জাহিদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

সভায় নেতারা বলেন, ৫০ শতাংশ পেনশন সমর্পণকারী পেনশনারদের দীর্ঘদিনের দাবিগুলো আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। সংগঠনকে শুধু কেন্দ্রীয় পর্যায়ে সীমাবদ্ধ না রেখে তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তারা।

নেতারা আরও বলেন, অবশিষ্ট ৫০ শতাংশ আনুতোষিক ফেরতসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধারাবাহিকভাবে দাবিগুলো তুলে ধরা হবে। এ জন্য পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে এবং সংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

নতুন দায়িত্ব পাওয়া নেতাদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি পেনশনারদের মধ্যে সমন্বয় ও ঐক্য বাড়াতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের নেতাদের প্রত্যাশা, সাংগঠনিক কাঠামো শক্তিশালী হলে ৫০ শতাংশ পেনশন সমর্পণকারী পেনশনারদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আরও সুসংগঠিতভাবে তুলে ধরা সম্ভব হবে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।