জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

মন্ত্রিসভায় রদবদল: স্থানান্তরিত হচ্ছেন আফরোজা খানম, পূর্ণমন্ত্রী হচ্ছেন মিল্লাত

সরকারের প্রশাসনিক কার্যক্রম এবং নীতি বাস্তবায়নে গতিশীলতা আনার লক্ষ্যে মন্ত্রিসভায় পুনর্বণ্টন ও নতুন রদবদলের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী আফরোজা খানমকে তাঁর বর্তমান দপ্তর থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে। সরকারের একাধিক নীতিনির্ধানী ও মন্ত্রিসভা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

একই সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব আসছে। এ মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে পদোন্নতি দিয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। পদোন্নতির পর তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একক ও পূর্ণ দাপ্তরিক দায়িত্বে থাকবেন।

বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দাপ্তরিক দায়িত্ব পালন করছেন মো. আব্দুল বারী। তিনি একই সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলাচ্ছেন। আফরোজা খানম খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলে মো. আব্দুল বারী এককভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থাকবেন।

সরকারের এই পুনর্বণ্টন প্রক্রিয়ায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদল ও নতুন মুখ যুক্ত হচ্ছে। নতুন দায়িত্ব বন্টনের তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন।

এছাড়া ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী জায়গায় পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে গুঞ্জন রয়েছে। অপরদিকে বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা শামা ওবায়েদ ইসলাম নিজ পদে বহাল থাকছেন বলে জানা গেছে।

আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনার পাশাপাশি সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির শপথ সম্পন্ন হওয়ার পরপরই একই স্থানে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করানো হবে। এই রদবদলের মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে সরকারের কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করা হচ্ছে।

Tags :

বাংলা ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর