জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

লন্ডন প্রবাসী থেকে প্রতিমন্ত্রী: রাজনীতির আঙিনায় হুমায়ুন কবির

যুক্তরাজ্যের লন্ডন প্রবাসী হিসেবে দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গন ও রাজনৈতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর এবার তিনি নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

শুক্রবার রাতে রাজধানী ঢাকার বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। এতে দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের শপথ পাঠ করান। অনুষ্ঠানে হুমায়ুন কবিরের পাশাপাশি ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং সাচিং প্রু জেরী মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। একই সাথে মোহাম্মদ শামীম কায়সার লিংকন নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে জন্ম নেওয়া হুমায়ুন কবির শৈশবেই পরিবারের সাথে যুক্তরাজ্যে পাড়ি জমান। প্রবাসেই তাঁর শিক্ষা ও কর্মজীবনের বড় অংশ কাটে। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে বিখ্যাত লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সাইয়েন্স (এলএসই), ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং লিডস ল স্কুল থেকে পৃথক তিনটি বিষয়ে উচ্চতর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষা জীবন শেষে যুক্তরাজ্যের মূলধারার রাজনীতি ও প্রশাসনিক কাঠামোতেও সক্রিয়ভাবে যুক্ত হন হুমায়ুন কবির। কর্মজীবনের শুরুতে তিনি লন্ডনের মেয়রের কার্যালয়ে কৌশল সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে কেবিনেট উপদেষ্টা হিসেবে কাজ করেন। ব্রিটিশ সরকারের উচ্চপর্যায়ে কাজ করার সুবাদে তিনি সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যাবিনেট বিভাগের একটি বিশেষ টিমে যুক্ত ছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মেয়াদে যুক্তরাজ্যের ন্যায় মন্ত্রণালয়ে একাধিক ক্যাবিনেট মন্ত্রী ও বিশেষ উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব সামলান।

জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের নভেম্বরে দেশে ফিরে সরাসরি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি। দেশে ফেরার পূর্বে লন্ডনে থেকেই বিএনপির আন্তর্জাতিক রাজনৈতিক কৌশল নির্ধারণ ও কূটনৈতিক যোগাযোগ জোরদারে তিনি অন্যতম কারিগর হিসেবে ভূমিকা রাখেন। ২০২৫ সালের ২২ অক্টোবর তাঁকে দলের আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর পাশাপাশি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োজিত ছিলেন। বঙ্গভবনে এই নতুন শপথ গ্রহণের মাধ্যমে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে যুক্ত হলো আরও এক নতুন অধ্যায়।

Tags :

বাংলা ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর