খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৪ই জুলাই ২০২৬, ৭:৩৪ পিএম

প্রতিকূল বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ২০২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ইস্টল্যান্ড ইনস্যুরেন্স। সম্প্রতি ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিমসহ পরিচালনা পর্ষদের সদস্য এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। সভায় ২০২৫ সালের পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি ২০২৬ অর্থবছরের আর্থিক বিবরণী নিরীক্ষার জন্য নিরীক্ষক এবং করপোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগের প্রস্তাবও অনুমোদিত হয়।
বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, বিভিন্ন অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এবং এর প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে যে চাপ সৃষ্টি হয়েছে, তার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে। এমন বাস্তবতায় ব্যবসা পরিচালনা করা চ্যালেঞ্জিং হলেও কোম্পানি স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে।
তিনি জানান, ২০২৫ সালে ইস্টল্যান্ড ইনস্যুরেন্স ৯৬ কোটি ৯০ লাখ টাকারও বেশি প্রিমিয়াম আয় করেছে, যা প্রতিকূল অর্থনৈতিক পরিবেশেও কোম্পানির ব্যবসায়িক সক্ষমতার প্রতিফলন। একই সঙ্গে গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা রক্ষায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে বিমা দাবি নিষ্পত্তি করে যাচ্ছে।
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২৫ সাল পর্যন্ত কোম্পানিটি মোট ৪৩৬ কোটি ৪০ লাখ টাকার বিমা দাবি পরিশোধ করেছে। এই পরিসংখ্যান গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি এবং আর্থিক দায়বদ্ধতা পালনের ধারাবাহিকতার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়।
সভায় অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা কোম্পানির আর্থিক কার্যক্রম, ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। পরিচালনা পর্ষদ তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় এবং ভবিষ্যতেও সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
সভায় জানানো হয়, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়েই ইস্টল্যান্ড ইনস্যুরেন্স আগামী দিনগুলোতে কার্যক্রম পরিচালনা করবে। পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের দিকেও প্রতিষ্ঠানটি গুরুত্ব দিচ্ছে।
মন্তব্য