,

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু

মৌরিতানিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দেশটির কোস্টগার্ড কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে। কোস্টগার্ড প্রধান মোহামেদ আবদাল্লাহ সাংবাদিকদের জানান, যাত্রীরা রাজধানী নোয়াকশট থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিমি) উত্তরে একটি উপকূলীয় শহরের আলো দেখতে পান। আলো দেখে সবাই একসঙ্গে নৌকার একপাশে জড়ো হয়ে পড়েন, যার ফলে নৌকাটি উল্টে যায়।

তিনি বলেন, “যখন অভিবাসীরা মেহিজরাত শহরের আলো দেখেছিলেন, তারা সবাই নৌকার একদিকে চলে যান। এতে ভারসাম্য নষ্ট হয়ে নৌকাটি ডুবে যায়।”

ধারণা করা হচ্ছে, নৌকাটি গাম্বিয়া থেকে প্রায় এক সপ্তাহ আগে যাত্রা শুরু করেছিল। এতে প্রায় ১৬০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে সেনেগাল ও গাম্বিয়ার নাগরিকও ছিলেন।

প্রথমে নিহতের সংখ্যা ৪৯ জন বলে জানানো হলেও পরে সরকারি হিসাব অনুযায়ী তা বেড়ে দাঁড়ায় ৬৯ জনে। কোস্টগার্ডের একটি টহল দল সমুদ্র থেকে ১৭ জন জীবিতকে উদ্ধার করতে সক্ষম হয়।

 

সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি দিতে গিয়ে হাজার হাজার মানুষ বিপজ্জনক সমুদ্রযাত্রায় প্রাণ হারিয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর হিসাব অনুযায়ী, শুধু ২০২৪ সালেই সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টায় অন্তত ৮,৯৩৮ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন।

যারা মৌরিতানিয়ার মধ্য দিয়ে যাত্রা করেন, তারা সাধারণত পার্শ্ববর্তী দেশ সেনেগাল ও মালি থেকে আসেন এবং ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। তবে আটলান্টিক মহাসাগরের প্রবল স্রোত ও দুর্বল নৌযানের কারণে এই দীর্ঘ যাত্রা প্রায়শই ভয়াবহ পরিণতি ডেকে আনে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।