,

মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আজ বাংলাদেশ উদ্ধারকারী দল মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বংস হওয়া ভবনে উদ্ধার অভিযান চালিয়েছে।

এই দলের সদস্য হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, নৌবাহিনী, বিমানবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অভিজ্ঞ সদস্যরা অংশগ্রহণ করেন।

আইএসপিআর সূত্রে জানা গেছে, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ৭.৭ মাত্রার ভূমিকম্পে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের অধিকাংশ কলাম গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু অংশ সম্পূর্ণরূপে ধ্বসে পড়েছে। বাংলাদেশ উদ্ধারকারী দল এই ভবন থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এছাড়া, মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয় আগামীকালও এই উদ্ধার কাজ অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছে।

বাংলাদেশ চিকিৎসা সহায়তা দলও আজ নেপিডো শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, দলটি এক হাজার শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভূমিকম্পে গুরুতর আহত এক শিশুর সফল অস্ত্রোপচার করেছে এবং আরও পাঁচটি গুরুতর অপারেশনে অংশ নিয়েছে।

আগামীকাল এই দলটি মিয়ানমারের স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার ও চিকিৎসা সেবা চালিয়ে যাবে।

গত ২৮ মার্চ মিয়ানমারে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পের পর ১ এপ্রিল থেকে প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল নিয়ে নেপিডো শহরে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।