মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৩৫৪ জনে পৌঁছেছে। এই বিপর্যয়ে দেশটিকে সাহায্য করতে বিশ্ব সম্প্রদায়কে পুনরায় আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার।
ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
শনিবার মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, ২৮ মার্চের ভূমিকম্পের পর দেশব্যাপী বহু ভবন ধসে পড়েছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ৩,৩৫৪ জন নিহত, ৪,৫০৮ জন আহত এবং ২২০ জন নিখোঁজ রয়েছেন।
দুর্যোগের এক সপ্তাহেরও বেশি সময় পরেও এখনও অনেক মানুষ আশ্রয়হীন। যেসব বাড়ি ধ্বংস হয়ে গেছে কিংবা অতিরিক্ত ধসের আশঙ্কা রয়েছে, সেখানে অনেক মানুষ বাইরে আশ্রয় নিয়েছেন।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে মিয়ানমারের ৩০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন, যা দেশটির চলমান গৃহযুদ্ধের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
টম ফ্লেচার শনিবার মিয়ানমারের মান্দালয় শহরে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। শহরটি ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত ভয়াবহ। বিশ্ববাসীকে অবশ্যই মিয়ানমারের জনগণের পাশে দাঁড়াতে হবে।”
